নাটক বন্ধ করে ইলিয়াসকে ফেরত দিন: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, ইলিয়াস আলীকে ফেরত দেওয়া নিয়ে সরকার নাটক করছে। তিনি নাটক বন্ধ করে ইলিয়াসকে ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আজ শুক্রবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খন্দকার মোশাররফ এ কথা বলেন। দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলীকে তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীই যে ইলিয়াস আলীকে অপহরণ করেছে, তা সরকারদলীয় সাংসদ ও মন্ত্রীদের কথায় বোঝা যায়। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতিকে ধামাচাপা ও জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে ইলিয়াসকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, রোববারের মধ্যে সরকার তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।মানববন্ধনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।