নাটক সাজানোর চেষ্টা হলে দুর্বার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কোনো নাটক সাজানোর চেষ্টা করলে দুর্বার আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করেছেন সাংবাদিক নেতারা। আজ বৃহস্পতিবার সাগর-রুনির স্মরণসভায় সাংবাদিক নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাঁরা বলেন, ‘১৫ অক্টোবর সংবাদ সম্মেলনে আমরা সরকারকে একটি সময় বেঁধে দেব। ওই সময়ের মধ্যে প্রকৃত খুনিদের হাজির করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ সাংবাদিক দম্পতি হত্যার আট মাস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি। হত্যা রহস্যের জটও খোলেনি। আসল খুনির পরিচয় ও বিচার আমরা দেখতে চাই। বিচারের দাবিতে সাংবাদিকদের যে ঐক্য তৈরি হয়েছে, কোনো শক্তিই তা নষ্ট করতে পারবে না।’বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সাগর-রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নাটক সাজিয়ে ঘটনাকে ভিন্ন দিকে নেওয়া হলে সাংবাদিক সমাজ মেনে নেবে না।সভায় বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ৯ অক্টোবর হত্যায় জড়িত সন্দেহে আটজনের নাম প্রকাশ করেন। তাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। অন্য একজনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন মন্ত্রী।তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। এর মাধ্যমে হত্যা রহস্যের জট খোলেনি বলেও মন্তব্য করেন তাঁরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই হত্যা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই সাংবাদিক নেতাদের এমন মন্তব্য ইতিবাচক নয়। গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই দিনই ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দুদিন পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে। কিন্তু এখনো ঘটনার কোনো কিনারা হয়নি। এ নিয়ে রাজনৈতিক আদর্শে বিভক্ত সাংবাদিক সংগঠনগুলো এক হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।