নাটক-সিনেমার দৃশ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে ইঞ্জিন চালু রেখেই দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে দৌড় শুরু করলেন যুবক চালক। পড়িমরি করে তাঁর পিছু ছুটলেন ট্রাফিক পুলিশের এক সদস্য। আরও পেছনে সাদা পোশাকে র‌্যাবের দুই কর্মকর্তা। দৌড়ে শেষ পর্যন্ত যুবককেই হার মানতে হলো। ২০-২৫ গজ যেতে না যেতেই তিনজনে মিলে পাকড়াও করলেন তাঁকে।নাটক বা সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এটি ছিল বাস্তব ঘটনা। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দৃশ্যের অবতারণা হয় রাজধানীর সোনারগাঁও হোটেলের উল্টোদিকে জাহাঙ্গীর টাওয়ারের সামনে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই হাত পিছমোড়া করে বেঁধে তাঁকে বসালেন অন্য একটি গাড়িতে। এরপর কালো কাপড় দিয়ে চোখও বেঁধে দেওয়া হলো। আটক যুবকটি ইংরেজিতে গালিগালাজ চালাতে লাগলেন।উৎসুক জনতার প্রশ্নের জবাবে র‌্যাবের সদস্যরা জানালেন, আটক যুবক গাড়িচোর দলের সদস্য। সদ্য যে গাড়ি থেকে নেমে তিনি পালাতে চেষ্টা করেছিলেন, সেটিও ছিনতাই করা। র‌্যাবের সদস্যরা চারপাশ ঘিরে থাকা কৌতূহলী জনতার সামনেই যুবকটির শরীর তল্লাশি শুরু করেন। পাওয়া যায় তিনটি ইয়াবা ট্যাবলেট, একটি গাড়ির চাবি, দুটি মুঠোফোন, তিনটি সিমকার্ড, সাড়ে ৬০০ টাকা, তিনটি ব্যাংকের ক্রেডিট কার্ড, ছুরি, একটি মাইক্রো চিপ ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন পরিশোধের রসিদ।র‌্যাবের সদস্যরা জানান, সংঘবদ্ধ গাড়ি ছিনতাইকারী দলের এ সদস্যের নাম শেখ ওয়াহেদ শফিক। এর আগেও র‌্যাবের হাতে তিনি ধরা পড়েছেন। গাড়ি চুরিই তাঁর পেশা। যে গাড়িটিসহ তাঁকে ধাওয়া করে ধরা হলো, সেটিও ছিল ছিনতাই করা। এ গাড়িটির মালিক মহাখালী ডিওএইচএসের বাসিন্দা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তা ফিরোজ সালাউদ্দিন। খবর পেয়ে সেখানে হাজির হন তিনি।গত বৃহস্পতিবার রাতে গুলশান ১ নম্বর থেকে গাড়িটি চুরি হয়। মালিক ফিরোজ সালাউদ্দিন প্রথম আলোকে জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি করোলা-এলএক্স গাড়িটি রেখে একটি খাবারের দোকানে ঢোকেন। আধঘণ্টা পর বের হয়ে দেখেন, গাড়ি হাওয়া। রাতেই তিনি গুলশান থানায় মামলা করেন। পাশাপাশি র‌্যাবের কর্মকর্তাদের তিনি ঘটনাটি জানান। গত রাত থেকেই র‌্যাব অভিযান শুরু করে।র‌্যাব-১-এর ক্যাপ্টেন ফয়সল জানান, র‌্যাবের টহল দলের সদস্যরা গাড়িটি দেখতে পেয়ে থামার সংকেত দেন। কিন্তু চালক না থেমে তা চালিয়ে যেতে থাকেন। র‌্যাবও পিছু ধাওয়া করে। সোনারগাঁও মোড়ে এসে গাড়িটি বাঁ দিকে মোড় নিতে শুরু করে। র‌্যাবের গাড়িও ততক্ষণে কাছাকাছি এসে পড়ে। অবস্থা বেগতিক দেখে যুবকটি গাড়ির দরজা খুলে বের হয়ে দৌড় শুরু করেন।আটক যুবককে র‌্যাব-১ কার্যালয়ে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। যুবক গাড়ি চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, তাঁরা গুলশানে মাদক ইয়াবা সেবনকারী গ্রুপ হিসেবে পরিচিত। গাড়ি ছিনতাই বা চুরি তাঁদের মূল পেশা। এর আগেও তাঁরা একাধিক গাড়ি ছিনতাই করেছেন। বৃহস্পতিবার ফিরোজ সালাউদ্দিনের গাড়িটি চুরি করার জন্য তিনি একটি বিকল্প চাবি ব্যবহার করেছিলেন। এ চাবি দিয়ে যেকোনো ধরনের গাড়ির দরজা খোলা ও গাড়ি চালানো যায়।র‌্যাব জানায়, শফিককে জিজ্ঞাসাদের সূত্র ধরে তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।