আজ রাতে বৈশাখী টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাবার বাড়ি। নাটকটি রচনা করেছেন ফজলুল করিম। পরিচালনা করেছেন বুলবুল আহমেদ। এটি ছিল বুলবুল আহমেদের শেষ পরিচালনার কাজ। এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। আজ কথা হয় তাঁর সঙ্গে।বাবার বাড়ি নাটকটি নিয়ে কিছু বলুন।বুলবুল আহমেদের সঙ্গে আমি একাধিক নাটকে কাজ করেছি। প্রথমবারের মতো তাঁর পরিচালনায় কাজ করি। নাটকটির শুটিং চলাকালেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখলাম একজন শিল্পীর কাছ থেকে ভালো কাজটুকু বের করে আনার চেষ্টা করতেন তিনি। কাজ পছন্দ না হওয়া পর্যন্ত একটি দৃশ্যের একাধিক চিত্রায়ণ করতেন। আর এ নাটকে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। নাটকটি মূলত পারিবারিক গল্পের। একটি পরিবার এবং এই পরিবারে সদদস্যদের নানা ধরনের সমস্যা নিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে।একাধিক ধারাবাহিক নাটকে কাজ করছেন, আবার এক পবের্র নাটকের কাজ করছেন। কীভাবে সময় বের করেন?আসলে ধারাবাহিক নাটকগুলোর শিডিউল দেওয়া হয় একবারে। ফলে আমি জানতে পারি যে কোন সময়টা আমি এক পর্বের নাটকে কাজ করতে পারব। আর এক পর্বের নাটক বলতে কিন্তু আমি বিশেষ বিশেষ দিবসের নাটকগুলোতেই কাজ করছি। যেমন ধরেন, ঈদের বিশেষ নাটক, ভালোবাসা দিবসের নাটক, পয়লা বৈশাখের নাটক। ফলে কাজ করতে সমস্যা হয় না।ধারাবাহিক নাটকের মধ্যে ‘ললিতা’ দীর্ঘদিন থেকেই প্রচারিত হচ্ছে। এরই মধ্যে এ নাটকটি বেশ আলোচনায় চলে এসেছে। শেষ পর্যন্ত ললিতার ভাগ্যে কী ঘটবে?এটা আমি নিজেও পরিচালকের কাছে জানতে চেয়েছি। কিন্তু গল্পকার বোধ হয় বিষয়টি এখনো নির্ধারণ করেননি। তবে এখন যে অবস্থায় ললিতা আছে, সেখানে নতুন কিছু ঘটবে। যেমন: রাজনীতি বিষয়টি এর মধ্যে একটি। বস্তিবাসীদের মধ্যেও নতুন কিছু ঘটবে। এ নাটক করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা মজার। যেমন, ঢাকার বাইরে যেখানেই শুটিংয়ে যাই, সেখানে আমাকে ‘ললিতা আপা’ বলে ডাকে মানুষ। বাসায় নতুন এক কাজের মানুষ এসেছে। সে মানতেই পারে না যে আমার নাম শিমু। আমাকে বলে ‘আপনি তো ললিতা আফা’। এ নিয়ে আগের কাজের বুয়ার সঙ্গে সে শোরগোল পাকিয়ে বসেছে।আসছে ঈদে কতগুলো নাটকে কাজ করছেন?কাজ করছি অনেকগুলো নাটকেই। তবে আমি নাটকের সংখ্যা উল্লেখ করতে চাই না। কারণ, আগেরও কিছু কাজ করা আছে। কোনটা যাবে আর কোনটা যাবে না, তা এই মুহূর্তে বলতে পারছি না। শোনা যাচ্ছে আপনি বিয়ে করতে যাচ্ছেন?এ রকম তো কত কথাই শোনা যায়। তবে বিয়ে তো একদিন করতেই হবে। এটা মা-বাবার ওপর ছেড়ে দিয়েছি। তাঁরা ছেলে পছন্দ করবেন, এরপর হয়তো সেই ছেলেকে দেখব এবং পছন্দ হলে তাঁকেই বিয়ে করব।