নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে গোমড়া আকাশ প্রায়ান্ধকার করে রেখেছিল মাঠ। তার পরও ‘আলো’ ছিল, ব্যাটে-বলে আলো ছড়িয়েছিল বাংলাদেশ দল। কাল বেলফাস্টে সোনারোদ। সেটির ঔজ্জ্বল্য আরও বেড়ে গেল বাংলাদেশের নাটকীয় জয়ে।জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ১ রান। টানা দুই ম্যাচ জিতে সিরিজ জেতা হয়ে গেল, আজ শেষ ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতা। এসবও একদমই বোঝাতে পারছে না এই জয়ের মহিমা। প্রথম ম্যাচে একরকম আগাগোড়া দাপট দেখিয়ে জিতেছিল বাংলাদেশ। এদিন যে জিতল অনেকটা মৃত্যুর মুখ থেকে ফিরে।বাংলাদেশের ৬ উইকেটে ১৪৬ রানকে অপর্যাপ্ত মনে হচ্ছিল আয়ারল্যান্ডের ইনিংসের বেশির ভাগ সময়। শেষ ৪ ওভারে ওদের প্রয়োজন ছিল ৩০ রান, হাতে ৭ উইকেট। ১৭তম ওভারে উইকেট পড়লেও শেষ ৩ ওভারে ২৩ রান ব্যাপার হওয়ার কথা নয়। শেষ ওভারে সমীকরণটা দাঁড়াল—৬ উইকেট হাতে নিয়ে আয়ারল্যান্ডের চাই ১০ রান। তিন বাঁহাতি স্পিনারের ওভার শেষ। দুই পেসার মাশরাফি ও হাসানের দুটি করে বাকি। মুশফিক আস্থা রাখলেন মাহমুদউল্লাহর ওপর। সেই আস্থার কী দারুণ প্রতিদানই দিলেন সহ-অধিনায়ক!প্রথম দুই বলে দুটি সিঙ্গেল, তৃতীয় বলটি ডট। আয়ারল্যান্ডের চাই ৩ বলে ৮ রান—পরের দুই বলে দুই উইকেট নিয়ে এক বল বাকি থাকতেই দলকে জয়োৎসবে মেতে ওঠার সুযোগ করে দিলেন মাহমুদউল্লাহ। শেষ বলে ছক্কা মেরে ব্যবধানটাকে রোমাঞ্চকর বানিয়েছেন জনস্টন। কিন্তু বলটা কোথায় গেল, তা নিয়ে তখন ভাবতে বয়েই গেছে বাংলাদেশের!টসে জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ই অবশ্য বোঝা গিয়েছিল, কাজটা আজ সেদিনের মতো সহজ হবে না। সেটি শুধু ১০০ রান করতে বাংলাদেশ ১৬.৩ ওভার লাগিয়ে ফেলেছিল বলে নয়, উইকেটের কারণেও। বাংলাদেশের ইনিংস পথ হারিয়ে ফেলার পরও বোঝা যাচ্ছিল, এটা প্রথম ম্যাচের মতো টার্নিং উইকেট নয়। মাঝখানে পরপর উইকেট পতনে ধীর হয়ে যাওয়া ব্যাটিংয়ের পরও বাংলাদেশ ১৪৬ করতে পারল মূলত নাসিরের (৩৩ বলে ৫০*) সৌজন্যে। ম্যান অব দ্য ম্যাচও তিনিই, তবে সেটি মাহমুদউল্লাহকে দিলেও অন্যায় হতো না!