নাটকে অভিনয়ের খবরে বিস্মিত শাকিলা জাফর
কণ্ঠশিল্পী শাকিলা জাফর এর আগে বেশ কয়েকটি সাক্ষাত্কারে বলেছিলেন তিনি কখনোই নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করবেন না। সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে ‘নীলনদের ঠিকানা’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করছেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর। কিন্তু আসলে কি তাই? তিনি কি আদৌ অভিনয় করছেন? প্রথম আলো অনলাইনকে শাকিলা জাফর জানিয়েছেন, ‘নাটকে অভিনয়ের ব্যাপারে কারও সাথে আমার কোনো ধরনের আলাপ-আলোচনাই হয়নি। এটা পুরোপুরিই মিথ্যা কথা। শুনেছি কয়েকটি দৈনিকে আমার উদ্ধৃতি দিয়েও সংবাদ পরিবেশন করা হয়েছে। এ ধরনের সংবাদে আমি বিস্মিত হয়েছি।’শাকিলা জাফর আরও বলেন, ‘আমার জীবনে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার যত প্রস্তাব এসেছে, তার চেয়ে বেশি এসেছে চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু তখনো আমি অভিনয়ের ব্যাপারটি বারবার এড়িয়ে গেছি। আমাকে দিয়ে অভিনয় সম্ভব বলে মনে হয় না; আর যে কাজ আমাকে দিয়ে সম্ভব নয়, সেটি আমি কখনোই করার চেষ্টা করি না।’নীলনদের ঠিকানা নাটকটি পরিচালনা করছেন সালমান হায়দার। তাঁর সম্পর্কে শাকিলা জাফর বলেন, ‘পরিচালকও কিন্তু একজন শিল্পী। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে যিনি সম্মান দিতে জানেন না, তাঁর সঙ্গে কোনো ধরনের কাজ করার মানে হয় না। নাটকটির একটি গানের আমার কণ্ঠ দেওয়ার কথা ছিল। ভাবছি এখন আর সেটাও করব না।’সালমান হায়দারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিলা আপা (শাকিলা জাফর) আমার নাটকের একটি গানে উজ্জ্বল সিনহার সুরে কণ্ঠ দেবেন এটা ঠিক। কিন্তু অভিনয়ের ব্যাপারটি পুরোপুরি চূড়ান্ত করতে পারিনি। এরই মধ্যে তিনি রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যান। আমি মনে করেছি দেশে ফেরার পর তাঁকে হয়তো রাজি করাতে পারব। তাই আসলে এ ধরনের কথা বলা।’এদিকে কণ্ঠশিল্পী শাকিলা জাফর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন কুয়েতে। চার দিনের এই সরকারি সফরে অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে এসেছেন বলে জানান তিনি।