নাটকে আমি বিন্দুর মা হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক লীলাবতী। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন অরুণ চৌধুরী। নাটকে অভিনয় করছেন তিন্নি। কথা হলো তাঁর সঙ্গে।‘লীলাবতী’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে লীলাবতী চরিত্রে অভিনয় করছেন বিন্দু। আমি তাঁর মা। অবশ্যই বিন্দু বয়সে আমার চেয়ে ছোট। কিন্তু আমি তাঁর মা হয়েছি, এটা ভাবলেই দারুণ মজা পাই। এটা জানার পর অনেকেই অবাক হয়েছে। আমার অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেছেন তাঁরা। আমি কিন্তু সেভাবে ভাবিনি। চরিত্রটা আমার কাছে বিশেষ কিছু মনে হয়েছে। আরও অনেক মজার সম্পর্ক আছে এ নাটকে। আমার স্বামী হিল্লোলও আছে। ও অভিনয় করছে আমার ভাইয়ের চরিত্রে। আমার স্বামী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তমালিকা তাঁর প্রথম স্ত্রী। এই ধারাবাহিকে কাজ করতে কেমন লেগেছে? এটা কিন্তু খুব সিরিয়াস ধরনের নাটক। প্রত্যেকের মধ্যেই ভালো কিছু করার চেষ্টা ছিল। তাই অভিনয়ের সময় সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করেছে। নাটকে পরিচালক আমাকে মোটেও গ্ল্যামার নায়িকা হিসেবে উপস্থাপন করেননি। আমার মধ্যে একটা ভারিক্কি ব্যাপার ছিল। আসলে মা বলতে যেমন বোঝায়, তেমনই। আপনি তো এটিএন বাংলার ‘কাগজের ঘর’ নাটকেও কাজ করেছেন।বাচ্চা হওয়ার পর প্রথম আমি এই ধারাবাহিকে কাজ করেছি। তখন হঠাৎ করে একটু মোটা হয়ে গিয়েছিলাম। নাটকটির পরিচালক চয়নিকা চৌধুরী এ ব্যাপারটিকে মোটেই পাত্তা দেননি। পাশাপাশি আমার বাচ্চাকেও সময় দেওয়ার একটা ব্যাপার ছিল। তিনি সেদিকেও খেয়াল রেখেছিলেন। তাই কাজটা তখন করতে পেরেছিলাম। আপনি এখন চলচ্চিত্রে অভিনয় করছেন। কেমন অভিজ্ঞতা হচ্ছে? ছবির নাম সে আমার মন কেড়েছে। এ ছবিতে আমি শাকিব খানের বিপরীতে অভিনয় করছি। মাত্র তো তিন দিন কাজ করলাম। একটা গানের কাজ হয়েছে, ‘তুমি আমি আর আমি তুমি’। শাকিব আমার ভালো বন্ধু। চার বছর আমরা এই বন্ধুত্বকে টিকিয়ে রেখেছি। তা নিয়ে বাইরে কখনো কথা বলিনি। এবার ওর সঙ্গে কাজ করতে এসে ভালোই লাগছে।আর কোনো নতুন ছবির ব্যাপারে কথা হয়েছে?কথা হচ্ছে। এখন অনেক নির্মাতাই আমাকে তাঁদের ছবিতে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু আমি স্রোতে গা ভাসাতে চাই না। একটু সময় নিয়ে দেখেশুনে ধীরে-সুস্থে পরের ছবিগুলো হাতে নেব।