নাটকে কাজ করতে ভালো লাগছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাতের রেখা কথা বলে। লিখেছেন আলী ইমরান। পরিচালনা করছেন জাহিদ হাসান। নাটকটিতে তিনি অভিনয়ও করেছেন। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?আরমান ভাইয়ের হালখাতা নাটকে অভিনয় করছি। পয়লা বৈশাখে বাংলাভিশনে এটি দেখানো হবে। নাটকটির শুটিং হচ্ছে পুরান ঢাকায়। এর আগে আরমান ভাইকে নিয়ে আরও কয়েকটি নাটক হয়েছে। আসলে সিক্যুয়াল নাটকে কাজ করার বড় অসুবিধা হলো, মানটা ধরে রাখা। মান ভালো হলে ভবিষ্যতে করব, তা না হলে এটাই শেষ। ‘হাতের রেখা কথা বলে’ ধারাবাহিকের কাজের কী খবর?শুরুর দিকে নাটকটি ১০৪ পর্বে শেষ করার পরিকল্পনা ছিল। ভেবেছিলাম, এখানে মৌ এবং আরও কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী যুক্ত হবেন। এখন মনে হচ্ছে তা সম্ভব হবে না। হয়তো ৫৬/৫৭ পর্বেই শেষ করতে হবে। কারণ নাটকটির প্রতিটি পর্ব তৈরি করছি, প্রচারিত হচ্ছে; কিন্তু কোনো টাকা পাচ্ছি না। এভাবে বড় অঙ্কের টাকা আটকে গেলে ধারাবাহিকের কাজ অব্যাহত রাখা সম্ভব নয়। আপনি তো এটিএন বাংলায় ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকেও কাজ করছেন। প্রতি মাসেই নাটকটির শুটিং হচ্ছে। সামনে আমি স্ত্রীর (ত্রপা মজুমদার) কাছে ফিরে যাব। নাটকের গল্পটা তো অনেক পুরোনো। আর পরিচালক আফসানা মিমিও খুব খুঁতখুঁতে। যথেষ্ট কষ্ট করে এবং বেশ যত্ন নিয়ে পুরো কাজটা করছেন। কিন্তু একটা ব্যাপার, আমি তো তাঁর সঙ্গে এর আগে বন্ধনসহ আরও কয়েকটি কাজ করেছি। ওখানে যে আনন্দটা পেয়েছিলাম, এখানে তার অভাব অনুভব করছি। সামনে নতুন কোনো নাটক পরিচালনা করার কথা ভেবেছেন?একটা ধারাবাহিকের কাজ করব। নাম আমাকে দেখুন। পরিকল্পনাগুলো চূড়ান্ত করছি। আসলে এখন নাটকে কাজ করতে আর ভালো লাগে না। কারণ অনেক। অন্য কিছু ভাবছি। দেখি, সামনে হয়তো জানাব। আপনাকে টিভির একটি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে।মিনি ম্যাক্স। শিশুর দেহে পুষ্টি জোগাতে এটি খুব কার্যকরী। ছয়-সাত মাস আগে এফডিসিতে বিজ্ঞাপনচিত্রটির কাজ করেছিলাম।