এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক সালাম বাবুর্চি। লিখেছেন রতন পাল, পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। এখানে অভিনয় করেছেন শারমিন লাকী। কথা হলো তাঁর সঙ্গে।দেশের বাইরে কোথাও গিয়েছিলেন?হ্যাঁ। কাজের চাপে হাঁপিয়ে উঠেছিলাম। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ খুঁজছিলাম। ছেলের পরীক্ষা শেষ হওয়ায় সুযোগটা পেয়ে গেলাম। সিঙ্গাপুর গিয়েছিলাম। পাঁচ দিন ছিলাম। ওখানে নানা জায়গায় ঘুরেছি। শুক্রবার দেশে ফিরেছি। ‘সালাম বাবুর্চি’ নাটকটি নিয়ে কিছু বলুন।প্রায় বছর দুয়েক আগে শুটিং করেছিলাম। এখানে আমি ও সিদ্দিকা কবীর আপা নিজেদের নামেই অভিনয় করেছি। এটি আমাদের দুজনেরই দ্বিতীয় নাটক। নাটকে আমি আর সিদ্দিকা আপা এক বিয়েবাড়িতে যাই। সেখানে বাবুর্চির সঙ্গে রান্নার নানা দিক নিয়ে আলাপ করি। মজার ব্যাপার হলো, আমি আর সিদ্দিকা আপা ভেবেছিলাম, নাটকটি হয়তো প্রচার হয়ে গেছে। নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।অনেকেই নাটকে অভিনয়ের জন্য আমাকে অনুরোধ করেন। কিন্তু ওই কাজটা নিয়মিত করার ইচ্ছা নেই। কারণ আমি নাটকের মানুষ নই। অতিথিশিল্পী হিসেবেই কাজ করতে চাই। প্রথমবার অভিনয় করেছিলাম আনিসুল হকের লেখা দৈনিক তোলপাড় নাটকে।বাংলাভিশনে তো ‘গান ও ফান’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।অনুষ্ঠানের ভাবনাটা আমার পছন্দ হয়েছে। গান নিয়ে এ ধরনের অনুষ্ঠান আগে করিনি। এখানে আমার সঙ্গে আরও আছেন শাফিন আহমেদ। এখান থেকে সংগীতের অনেক কিছু জানতে পারছি।‘সিদ্দিকা কবীরস রেসিপি’র খবর কী?প্রায় ছয় বছর ধরে আমরা এ অনুষ্ঠান করছি। পুরো ইউনিটটা একটা পরিবারের মতো হয়ে গেছে। অনুষ্ঠানটির আর মাত্র ৩০ পর্ব প্রচারিত হবে। শিগগিরই অনুষ্ঠানটি শেষ হবে, এটা ভাবতেই খারাপ লাগছে। এ পর্যন্ত অনুষ্ঠানটির ২৭০টি পর্ব দেখানো হয়েছে। বেশ কয়েকটি অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়েছে। নতুন বছরের শুরুতেই বাকি ৩০ পর্ব দেখানো হবে। নতুন কিছু করছেন?এটিএন বাংলায় চার দেয়ালের কাব্য নামে একটি অনুষ্ঠানে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। এ ছাড়া নিয়মিতভাবে আমি কণ্ঠ দেওয়ার কাজ করি। এখন ধারাবাহিকভাবে বিবিসির ইংরেজি শেখার অনুষ্ঠানে কণ্ঠ দিচ্ছি। এ ছাড়া এসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ কয়েকটি সামাজিক সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত আছি।