নাটকের গল্পটি খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘উপসংহার’। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এতে অভিনয় করেছেন আলী যাকের। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?ব্রাহ্মণবাড়িয়ায় আমার গ্রামের বাড়িতে এসেছি। সুযোগ পেলে প্রায় প্রতি মাসেই এখানে আসার চেষ্টা করি। কয়েক দিন থাকি। লেখালেখি করি, বই পড়ি। কোনো কাজ না থাকলে ধানখেত দেখি। এখানে এলে অফিসের কিংবা নাটকের কাজের কোনো ভাবনা থাকে না। যে কটা দিন থাকি, পুরো সময়টা খুব উপভোগ করি।আপনি তো ‘উপসংহার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকের গল্পটি আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে। এক পতিতালয়ে আমার জন্ম। সেখানেই বড় হয়েছি। মায়ের স্মৃতি কিছু মনে আছে। নানা ধরনের অত্যাচার কাছ থেকে দেখেছি, অনেক কিছু সহ্য করেছি। এই পরিবেশে থাকতে থাকতে আমি মাস্তান হয়ে যাই। হঠাৎ আমার মধ্যে একটা পরিবর্তন আসে। নারী-যৌনকর্মীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। সুবর্ণাকে মেয়ে হিসেবে গ্রহণ করি। ওর মাঝে নেতৃত্বের একটা ব্যাপার লক্ষ করি। আমার মৃত্যুর পর নারী-যৌনকর্মীদের অধিকার আদায়ের পক্ষে কাজ করে সে।নাটকটির কাজ কোথায় করেছিলেন?জয়দেবপুরের কাছে, এক বাগানবাড়িতে।এবার ঈদের জন্য কী কাজ করছেন?আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু নওয়াজেশ আহমেদ প্রয়াত হয়েছেন। একসময় তিনি ওনার গ্রামের একজন কবিরাজের গল্প বলেছিলেন। প্রকৃতিপ্রেমী সেই কবিরাজকে নিয়ে ‘ধ্বনি চিত্র’ থেকে বিটিভির জন্য একটা নাটক তৈরি হয়েছে। নাম সবুজ দাওয়াই। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকে আমি সেই কবিরাজের ভূমিকায় অভিনয় করেছি। সামনে কলকাতায় যাচ্ছি। ফিরে এসে গোলাম সোহরাব দোদুলের একটি কাজ করব। এই নাটকে আমি সাতটি দৃশ্যে অভিনয় করব। আর শুটিংটা আমার অফিসেই হবে।মঞ্চের খবর কী?উৎপল দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতের কলকাতায় উৎসবের আয়োজন করেছে পিপলস লিটল থিয়েটার। নাগরিক নাট্য সম্প্রদায় থেকে আমরা উৎপল দত্তের লেখা ছায়ানট নাটকটি মঞ্চে এনেছি। উৎসবে নাটকটি মঞ্চায়নের জন্য তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। নাটকের দুটি প্রদর্শনী হবে—১৮ আগস্ট রবীন্দ্র সদনে এবং ১৯ আগস্ট শিশির মঞ্চে। বিনোদন প্রতিবেদক