আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফিফটি ফিফটি। ইফতেখার ফাহমি পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে।বাসা থেকে বেরিয়েছেন, নাকি বাসাতেই আছেন?খুব সকালেই বেরিয়েছি। মাসুদ সেজানের একটি ঈদের নাটকে কাজ করছি। ঈদের দুই দিন আগে ঢাকা শহরের এমন চিত্র এর আগে দেখিনি। কোনো যানজট নেই। এর মধ্য দিয়েই কাজ করছি আমরা।হঠাৎ করেই আপনি কেমন যেন নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন। এটা কেন?বিষয়টা আসলে সে রকম কিছু নয়। গত ঈদের আগে আমি পরিবার নিয়ে লন্ডনে গিয়েছিলাম। এসেছি ঈদের বেশ কিছুদিন পর। এ জন্য অনেক কাজ করা হয়নি। আসার পর আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিনই কাজের চাপ বাড়ছে আমার। কিন্তু সব কাজ তো আর আমার একার পক্ষে করা সম্ভব নয়।গত ঈদে আপনি হিমু চরিত্রে কাজ করেছিলেন। অনেকেই বলছে, হিমু চরিত্রটি আসলে ফুটে ওঠেনি, আপনি কী বলেন?দেখুন, আমার বা পরিচালকের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। আমরা ছয় দিনের শিডিউল নিয়ে কাজটা শুরু করেছি। কিন্তু শুটিং করেছি ১২ দিনের। দুটি রাত টানা কাজ করেছি। এই যে পরিশ্রম করেছি, সেটা কিন্তু কাজটা ভালো করার জন্যই করেছি। কিন্তু তার পরও যদি প্রত্যাশামতো কাজ না হয়, তবে সেখানে আমার কী-ই বা বলার থাকতে পারে?আপনি কি কাজটা দেখেছিলেন?না। সে সময় আমি লন্ডনে ছিলাম। তবে সেখান থেকেই জানতে পেরেছি, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি নাটকটি।এ জন্য কি আপনি হতাশ হয়েছেন?হতাশ হইনি। তবে তাৎক্ষণিকভাবে তো কিছুটা খারাপ লেগেছে। কিন্তু এসব নিয়ে বেশিক্ষণ ভাবিনি। আর এ জন্য যে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল, এসব ভাবনাও আমার মধ্যে কাজ করেনি। আমি মনে করি, যে কাজটা আমার কাছে আসছে, সেই কাজটা সিরিয়াসভাবে করছি।এখন নাকি আপনি বেছে বেছে কাজ করছেন?কাজ তো আমি আগেও বেছে বেছে করেছি। তবে এটা ঠিক, কখনো কোনো অনুরোধ রক্ষা করে দু-একটি কাজ করেছি। কিন্তু এখন আর সেটিও করছি না। বেশি কাজের চাপ নিতে চাই না।একটা বিষয়ে কি বলবেন, অনেক দিন আপনার কাছে আলোচিত নাটক পাচ্ছি না কেন?আসলে নাটকের ব্যাপারটা নির্ভর করে পরিচালকের ওপর। নাটক ভালোমন্দের দায় অবশ্যই পরিচালকের। আমরা শিল্পীরা আমাদের চরিত্রটি নিয়ে ভাবি। এখন ৪২০ ধারাবাহিক নাটকের পর হাউজফুল, এফডিসি এরপর এফএনএফ এবং ফিফটি ফিফটি করলাম। ফিফটি ফিফটি এখনো চলছে। খোঁজ নিলে দেখা যাবে, এই নাটকগুলোই ধারাবাহিক নাটকের মধ্যে জনপ্রিয় নাটক। ফলে আলোচিত বা জনপ্রিয় কাজ হচ্ছে ঠিকই। তবে সেভাবে হয়তো এই নাটকগুলো ফোকাস হচ্ছে না। যেটা হয়েছিল হাউজফুল বা ৪২০ নিয়ে।‘ফিফটি ফিফটি’-এর কী অবস্থা?ঈদের পর থেকে আবার এর শুটিং শুরু হবে। নাটকটি তো এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে। বিভিন্ন স্থানেই এ নাটক নিয়ে আলোচনা হয়। নাটকে সামনে কিছু নতুন ঘটনা যোগ হবে বলে শুনেছি। বিনোদন প্রতিবেদক