এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন আফসানা মিমি। এতে অভিনয় করছেন আফরোজা বানু। কথা হলো তাঁর সঙ্গে।নাটকে আপনি তো ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করেছেন। কেমন লাগছে?‘শ্যামা’ চরিত্রটির বিস্তার কিন্তু গল্পের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। এই নাটকের একটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে সব কটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। কোনো একটি বা দুটি চরিত্রকে আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়নি। শ্যামাকে ঘিরে এবং তার আশপাশে অনেক ঘটনা ঘটে। শ্যামা এক সংগ্রামী নারীর প্রতিভু। তাই কাজটা করতেও বেশ ভালো লাগছে।নাটকের কোন দিকটি উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?অবশ্যই শিল্পী নির্বাচন। যাঁকে যে চরিত্রের জন্য উপযুক্ত বলে মিমি মনে করেছেন, তাঁকে সেই চরিত্রেই নিয়েছেন। নাটকে আমার মা ফেরদৌসী মজুমদার। আমি যখন অগ্রণী স্কুলের ছাত্রী ছিলাম, তিনি ছিলেন আমার শ্রেণীশিক্ষক। ৩০ বছর আগে বিটিভির একটি নাটকে আমরা দুজন অভিনয় করেছিলাম। এরপর পৌষ ফাগুনের পালা। আর একদিন তাঁর হাত ধরেই আমি থিয়েটার শুরু করেছিলাম। আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন হুমায়ুন ফরীদি। রাইসুল ইসলাম আসাদ কিন্তু আমার অনেক বড়। এখানে তিনি আমার মেয়ের জামাই। নাটকের একটা উল্লেখযোগ্য ঘটনার কথা বলুন।আমি স্বামীর ওপর মহা বিরক্ত। নাটকে সে তো একটু অন্য ধরনের। একপর্যায়ে রেগে গিয়ে আমি বঁটি নিয়ে স্বামীর দিকে ছুটে যাই। আর তা দেখে হুমায়ুন ফরীদি ভয় পেয়ে যান। তাঁর নাকি ধারণা হয়েছিল, অভিনয়ের নেশায় আমি যদি সত্যি সত্যি কোপ দিয়ে বসি। দেশ টিভিতে আপনি ‘খোঁয়াড়’ ধারাবাহিকে অভিনয় করছেন। প্রথম যেভাবে নাটকটির গল্প তৈরি হয়েছিল, এখন তা থেকে পরিচালককে কিছুটা সরে আসতে হয়েছে। কারণ, গল্পে খোঁয়াড় নিয়ে আমিরুল ইসলাম ও চ্যালেঞ্জারের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। চ্যালেঞ্জার অসুস্থ হওয়ায় ওই অংশটিই বাদ দিতে হয়েছে। এখানে অন্য কাউকে নেওয়া যেত, কিন্তু একজন শিল্পীর প্রতি সম্মান জানানোর জন্য পরিচালক তা করেননি। এখন যে ধরনের নাটক হয়, বিষয়ের দিক থেকে খোঁয়াড় একেবারেই আলাদা।আর ‘অচেনা মানুষ’? এটা কিন্তু উচ্চবিত্ত পরিবারের গল্প। এখানে আমার সাজ-পোশাকও সে রকম। আমি অঢেল সম্পদের মালিক। অন্য নাটকে যারা আমার ছেলের চরিত্রে অভিনয় করছে, এই নাটকে তারা আমার নাতি। ব্যাপারটা ভালোই লাগছে।