নাটোর, বরিশাল ও মিরসরাইয়ে বিএনপির মিছিলে পুলিশ-ছাত্রলীগের হামলা, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর, বরিশাল ও মিরসরাইয়ে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিলে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। পুলিশ নাটোর থেকে তিনজন যুবদল কর্মীকে এবং বরিশাল থেকে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে। আজ রোববার দিনভর এসব ঘটনা ঘটে। নাটোরে আটককৃত ব্যক্তিরা হলেন—সেলিম, মামুন ও রেজা। আর বরিশালে আটক ব্যক্তিরা হলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস উদ্দিন, মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক রিয়াজুল ইসলাম ও ছাত্রদলের নেতা আরিফুর রহমান।নাটোর: নাটোরে বিএনপির মিছিলে পুলিশের গুলি বর্ষণ ও হামলার ঘটনায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ও দুই পুলিশসহ আহত হয়েছে ২৪ জন। মিছিল শেষে আটক করা হয়েছে তিন যুবদলের কর্মীকে। নাটোর জেলা বিএনপির নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে আজ বেলা পৌনে ১২টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের কানাইখালী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার।মিছিলটি আলাইপুর বিএনপি অফিসের সামনে পৌঁছলে পুলিশ এটি ছত্রভঙ্গ করতে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিপেটা করে। এ সময় রুহুল কুদ্দুস তালুকদার মাথায় ও হাতে লাঠির আঘাত পেয়ে গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন আরও অনেক নেতা-কর্মী। এ ঘটনার পর পরই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধের চেষ্টা করলে দলীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নেতা-কর্মীরা তাত্ক্ষণিক জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত পুলিশের শাস্তি দাবি করা হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে থেকে পুলিশ সেলিম, মামুন ও রেজা নামে তিন যুবদলের কর্মীকে আটক করে। এ ঘটনার পরপরই শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপির নেতা-কর্মীরা মিছিলের শেষ পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ আত্মরক্ষার্থে পাঁচটি ফাঁকা গুলি করে এবং মৃদু লাঠিপেটা করেছে। এ ঘটনায় নাটোর থানার এসআই মোখলেসুর রহমান ও সেপাই বীরেন্দ্র নাথ আহত হয়েছেন বলে তিনি জানান।বরিশাল: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে মিছিলের জন্য সকাল ১০টা থেকেই বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে জমায়েত হতে থাকে। এ সময় পুলিশ বিএনপির কার্যালয় এলাকায় অবরোধ করে রাখে। একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ার কার্যালয়ে এলে পুলিশি বাধা অতিক্রম করে নেতা-কর্মীরা তাঁকে নিয়ে মিছিল বের করে। পরে পুলিশ মিছিলের পেছন দিক থেকে লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১৫ জন নেতা-কর্মী আহত হয় এবং পুলিশ ওই স্থান থেকে তিনজনকে আটক করে। অন্যদিকে, একই সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আহসান হাবীব কামালের নেতৃত্বে একটি মিছিল নগরের আদালত এলাকা থেকে বের হয়ে সদর রোডে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা ওই মিছিলের ওপর ইটপাটকেল দিয়ে হামলা চালায়। এ সময় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।সাংসদ মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘কোনো রকম উসকানি ছাড়াই পুলিশ ও আওয়ামী লীগ আমাদের ওপর হামলা চালিয়েছে।’মিরসরাই: মিরসরাইয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির একটি মিছিল তাদের দলীয় অফিস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে চাইলে উপজেলা ভূমি অফিসের সামনে পুলিশ বাধা প্রদান করে। বাধার মুখে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সামনে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।