নাটোর অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে নাটোর অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১২ অনুষ্ঠিত হবে আজ সোমবার। সকাল নয়টায় নাটোর দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজে প্রতিযোগিতা শুরু হবে। নাটোর অঞ্চলের প্রতিযোগিতায় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী ও নাটোর জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।নাটোরের দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, প্রাবন্ধিক ফরহাদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান খান, মোস্তফা তারিকুল আহসান, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর। ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলোর নাটোর বন্ধুসভার বন্ধুরা।