নাটোর ও মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
নাটোর ও হবিগঞ্জের মাধবপুরে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় সকালে চারজন নিহত হয়েছে। নাটোরে নিহত দুজন হলেন প্রাইভেট কার আরোহী আইনউদ্দিন আল আজাদ (৫২) ও তাঁর গাড়িচালক আসলাম শেখ (৪০)। জানা গেছে, আইনউদ্দিন ইসলামী সংগীতশিল্পী ছিলেন। আর মাধবপুরে নিহত দুজন হলেন পিকআপ ভ্যানচালক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমরুড এলাকার বাসিন্দা মানিক মিয়া ও পিকআপ আরোহী একই উপজেলার সজল দেব।নাটোর: লালপুর থানা সূত্রে জানা যায়, আইনউদ্দিন আজ সকালে ঢাকা থেকে ঈশ্বরদী-লালপুর সড়ক হয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। তাঁর প্রাইভেট কারটি লালপুর উপজেলার পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ও লালপুর দমকল বাহিনীর সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে গাড়ির ভেতর থেকে আসলামের লাশ উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় আইনউদ্দিন আল আজাদকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাধবপুর: উপজেলার রতনপুর ডাক্তারবাড়ী নামক স্থানে আজ সকাল ১০টার দিকে কাঠ বহনকারী একটি পিকআপের সঙ্গে গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের ওই দুজন নিহত হন। এ ছাড়া ট্রাকে থাকা তিনটি গরুও ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল মান্নান বলেন, ঘটনাস্থলে সজল দেব নিহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় পিকআপ ভ্যানচালককে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পথেই তিনি মারা যান।