নাটোর ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৫
নাটোর ও লক্ষ্মীপুরে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। নাটোর: গতকাল রাত ১২টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের নয়ন আলী (৪৮) বৈশাখী মেলা দেখে স্ত্রী ফাতেহা বেগম (৪০) ও ভাইয়ের স্ত্রী দুলহা বেগমকে (৪২) নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কাচুটিয়া মোড়ে ঢাকা থেকে নাটোরগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ফাতেহা ও দুলহা মারা যান। আহত নয়ন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই আলম জানান, দুই নারীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাসটি আটক করা যায়নি।লক্ষ্মীপুর: জেলার সদর উপজেলার মান্দারী পূর্ব বাজারে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী উপজেলার দত্তপাড়া গ্রামের মো. চৌধুরী মিয়া ও তাঁর ছেলে মো. ইউসুফ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার যাত্রী মো. শাহজাহানের মৃত্যু হয়।চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।