নাটোর পৌরসভার রাস্তাঘাট বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় শ বছরের পুরোনো নাটোর পৌরসভায় রাস্তা রয়েছে ৮১ কিলোমিটার। এর মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা এখনো পাকা হয়নি। ২৫৬টি রাস্তার ৬৫ কিলোমিটার পাকা করা হলেও বর্তমানে প্রায় সব কয়টি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া রাস্তার পাশে পানির পাইপ স্থাপন ও সংস্কার কাজ করে ঠিকাদার চলে গেছেন। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার বাধ্যবাধকতা থাকলেও সেদিকে তাঁর ভ্রূক্ষেপ নেই। পৌর কর্তৃপক্ষের দাবি, অর্থাভাবে রাস্তা নির্মাণ ও সংস্কার করা সম্ভব হচ্ছে না। শহরবাসী কর্তৃপক্ষের দাবি মানতে নারাজ। তাঁরা চান, অবিলম্বে রাস্তা নির্মাণ ও সংস্কার করা হোক।পিটিআই সড়ক: নাটোর সদর থানা মোড় থেকে পিটিআই মোড় পর্যন্ত মাত্র ৮০০ মিটারের পাকা রাস্তা শহরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওই সড়ক হয়ে শহরবাসীকে জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা এবং রাজশাহীতে যাতায়াত করতে হয়। সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতেরও এটি সংক্ষিপ্ত সড়ক। পণ্য পরিবহনের জন্যও সড়কটি বহুল ব্যবহার হয়। অথচ সড়কটি গত পাঁচ বছরেও সংস্কার করা হয়নি। সড়কের কার্পেটিং উঠে গেছে। সড়কজুড়ে অসংখ্য খানা-খন্দ। রিকশাওয়ালারা এই সড়কে যাতায়াত করতে চায় না। করলেও যাত্রীদের অধিক খরচ গুনতে হয়। বিমা কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘প্রতিদিন অন্তত দুইবার এই সড়ক হয়ে আমি অফিসে যাতায়াত করি। কিন্তু রাস্তা ভাঙাচুরা হওয়ার কারণে সময়মতো অফিসে যেতে পারি না।’ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। রিকশার ঝাঁকিতে আমার কোমরে ব্যথা দেখা দিয়েছে।’ চাউলপট্টি, কান্দিভিটা, ঘোষপাড়া ও আলাইপুর সড়ক: পৌর কর্তৃপক্ষ শহরের চাউলপট্টি থেকে গ্যাদা মিয়ার মোড় পর্যন্ত এবং কান্দিভিটা, ঘোষপাড়া ও আলাইপুর সড়কের নিচ দিয়ে দুই মাস আগে পানির পাইপ স্থাপন করেছে। পানির লাইন করতে গিয়ে এসব রাস্তার এক পাশের কার্পেটিং উঠিয়ে দীর্ঘ খাল করা হয়। খালগুলো মাটি দিয়ে ভরাট করা হলেও কার্পেটিং করা হয়নি। একটু বৃষ্টি হলেই এসব রাস্তা কাদা-পানিতে ভরে ওঠে। এসব রাস্তায় যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়েছে। চাউলপট্টি থেকে গ্যাদা মিয়ার মোড় পর্যন্ত রাস্তার পাশেই স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসা। এতে এই রাস্তায় যানবাহনের চাপ বেশি। যানবাহন খুব ধীরে চলতে বাধ্য হওয়ায় রাস্তাটিতে সব সময় যানজট লেগেই থাকে। এই রাস্তা ব্যবহারকারী কানাইখালীর হাবিবুর রহমান বলেন, ‘দশ বছর পর গত অক্টোবরে এই রাস্তাটি সংস্কার করা হলেও তা এক মাসও টেকেনি। ভালো রাস্তা খুঁড়ে পানির লাইন করা হয়েছে। এখন আর সংস্কার করা হচ্ছে না।’ স্থানীয় ওয়ার্ড কমিশনার (৪ নং ওয়ার্ড) মোস্তাক আলী মুকুল বলেন, ‘এখন রাস্তা সংস্কারের দায়িত্ব পানির পাইপ বসানোর ঠিকাদারের। তাঁকে মৌখিকভাবে বলা হয়েছে সংস্কার কাজ করার জন্য।’ তিনি জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘আমরা অর্থাভাবে রাস্তার কাজ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা।’ ঝাউতলা, বলারিপাড়া, রথবাড়ি, গাড়িখানা ও শুকুলপট্টি সড়ক: লালবাজার মোড় থেকে ঝাউতলা হয়ে সদর উপজেলা পরিষদ পর্যন্ত ঝাউতলা এক কিলোমিটার সড়কের পাথর উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ঝাউতলা মোড় থেকে রথবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার কার্পেটিং উঠে গিয়ে অনেকটা মাটির রাস্তায় পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপেক্ষাকৃত নিচু এই সড়কটি সংস্কারের পাশাপাশি উঁচু করা দরকার। শহরের ভবানীগঞ্জ মোড় থেকে বলারিপাড়া হয়ে একতার মোড় পর্যন্ত রাস্তায় সহসা কেউ যেতে চায় না। ভবানীগঞ্জ মোড়ের রিকশাচালক আনিসুর রহমান বলেন, ‘এই রাস্তায় বারবার যায় না। কারণ বারবার গেলে ব্যথার বড়ি খ্যাতে হয়। ভাড়া কিছু বেশি না লিয়া কি করবো?’ শুকুলপট্টি হয়ে গাড়িখানা মোড় পর্যন্ত এই সড়কটির দুই পাশে রয়েছে বেশ কিছু স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজার। বহুল ব্যবহূত এই সড়কটির দুই পাশে কোনো ফুটপাত নেই। সরু এই সড়কটির অধিকাংশ জায়গার পিচ-খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। মনিষা স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত এক হাজার শিশু শিক্ষার্থী ও অভিভাবক যাতায়াত করেন। ভাঙাচুরা রাস্তার কারণে প্রায়শই শিশু শিক্ষার্থীরা রিকশা থেকে পড়ে গিয়ে আহত হয়।’ ১৬ কিলোমিটার কাঁচা রাস্তা: পৌরসভার ১৬ কিলোমিটার রাস্তা এখনো পাকা হয়নি। বন্যার পানি উঠলে এসব রাস্তা তলিয়ে যায়। শুকনো সময়ে ধুলায় ভরে থাকে। ভবানীগঞ্জ ডাবের আড়তের মোড় থেকে বলারিপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে সকাল থেকে মধ্যরাত অবধি মানুষের চলাচল। সরকারের মালিকানাধীন রাস্তাটির পাশেই শংকর গোবিন্দ স্টেডিয়াম ও আবাসিক এলাকা। এলাকার শেফালী রহমান বলেন, সরকারি রাস্তা দেখে দশ বছর আগে এই রাস্তার পাশে বাড়ি করার জন্য জমি কিনেছি। কিন্তু আজও পাকা করা হচ্ছে না। বাড়ি করতেও সাহস পাই না। এই রাস্তার উল্টো দিকে জেলা মত্স্য অফিসের পাশের কাঁচা রাস্তাটির কিছু অংশ পাকা করা হলেও বাঁকি অংশ এখনো পাকা করা হয়নি।