নাটোর সুগারমিল স্কুল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে নাটোর সুগারমিল হাইস্কুল ছয় উইকেটে মহারাজা জগদীন্দ্র নাথ হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গত ১৭ জানুয়ারি চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে টসে জিতে মহারাজা জগদীন্দ্র নাথ হাইস্কুল নির্ধারিত ৫০ ওভারে ব্যাট করতে নেমে ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে নাটোর সুগারমিল হাইস্কুল মাত্র ২৮ ওভার চার বল খেলে চার উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সর্বাধিক ১০৯ রান সংগ্রহ করায় এবং ছয়টি উইকেট নেওয়ায় নাটোর সুগারমিল হাইস্কুলের শোভন কুমার দাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। বিজয়ী এবং বিজিতদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোর সুগারমিল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, নাটোর মহারাজা জগদীন্দ্র নাথ হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আবদুল হাকিম এবং নাটোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মো. মোস্তাফিজুর রহমান টুলু।