নাটোরে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু
নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লায় একটি বাড়িতে আগুন লেগে তানজিম ফকির (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন।নাটোরের ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত পৌনে দুইটার দিকে শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লার আবদুস সালাম ফকিরের বাড়িতে আগুন লাগে। শহরের টহল পুলিশের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে ওই বাড়ির টিনের তৈরি তিনটি ঘরের সবকিছু পুড়ে যায়। আগুন লাগার পর বাড়ির অন্যরা বের হয়ে গেলেও বের হতে পারেনি তানজিম। ঘরেই আগুনে পুড়ে মারা যায় সে। তানজিম নাটোর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।নাটোর ফায়ার সার্ভিসের কর্মী রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, তানজিমের লাশ উদ্ধার করা হয়েছে।