নাটোরে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১০ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কার্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আটক ১০ জনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, আটক ১০ জনকে দুপুরের দিকে নাটোর জেলা মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিনের আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে বিশেষ ক্ষমতা আইনে ও অন্য নয়জনকে অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত সোমবার রাতেই সদর থানায় এ মামলা করা হয়।নয়জনের মধ্যে শাহজালাল হোসেন নাটোর সদর উপজেলার বিলহালতি কলেজের প্রভাষক। জাকির হোসেন আহমদপুর দাখিল মাদ্রাসা এবং আবুল হাশেম ও সাদরুল উল্লাহ কাঁঠালবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। বদিউজ্জামান, কামরুল ইসলাম ও আবদুল হালিম বিমাকর্মী। আর সৈয়দ আলী ও আনসার আলী বিমা গ্রাহক। এদিকে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি নাটোরের জেলা ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘ওই ১০ জনকে আটক করার সময় আমাদের কার্যালয় থেকে পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করেনি। পুলিশ এ ব্যাপারে গণমাধ্যমকেও কোনো তথ্য জানায়নি। অথচ আদালতে নেওয়ার পর আমরা জানতে পারি, নয়জনকে অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিদের মধ্যে নয়জনের হেফাজতে থাকা একটি ব্যাগে চারটি ছোরা পাওয়া গেছে। তাই তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মহানগরের মতিহার থানায় বার্তা পাঠানো হয়েছে। গত সোমবার বিকেলে পুলিশ নাটোর শহরের সাহারা প্লাজায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কার্যালয়ে গোপন সভা করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১০ জনকে আটক করে।