নাটোরে আরেক শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত
নাটোরে নিপাহ ভাইরাসে আরও এক শিশু আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার রাতে তাকে নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গত সোমবার জ্বরে আক্রান্ত হয়ে তার মা মারা গেছেন। নাটোরের সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, ওই শিশুর নাম মিল্লাত হোসেন । তার বয়স আট মাস। বিভিন্ন ওষুধ খেয়েও জ্বর ভালো না হওয়ায় তার মুখের লালার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই পরীক্ষায় জানা যায়, শিশুটি নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর পরই সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই তার চিকিত্সা চলছে। শিশুটির বাবা সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘জ্বর হয়ে গত সোমবার আমার স্ত্রী আম্বিয়া বেগম মারা যায়। এর পরই মিল্লাতের জ্বর আসে। লোকজনের পরামর্শে ওই দিনই আমি তাকে সদর হাসপাতালে ভর্তি করি।’ নাটোরের সিভিল সার্জন বলেন, শিশুটির মা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, তাঁকে পরীক্ষা করা হয়নি।চলতি মাসে দেশের ছয় জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন। বিশেষজ্ঞরা এতে উদ্বেগ প্রকাশ করে কাঁচা খেজুরের রস খেতে সবাইকে নিষেধ করেছেন।