নাটোরে উপজেলা চেয়ারম্যান খুনের নিন্দা করলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের নাটোরে বিএনপির নেতা ও উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার শাস্তি হোক—এটা আমরাও চাই।’ওবায়দুল কাদের আজ শনিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর নামে ব্যাঙের ছাতার মতো এখন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে। এগুলোর কোনো দরকার নেই। দরকার বঙ্গবন্ধুর ওপর গবেষণাপ্রতিষ্ঠানের, যা দেশের কল্যাণে কাজে আসতে পারে।’ তিনি আরও বলেন, ‘সরকারি কর্মকর্তারা মন্ত্রী-সাংসদদের নিয়ে বেশি ব্যস্ত থাকুক, এটা আমি চাই না। কারণ আমাদের দেশ গরিব। তাঁদের এ দেশের গরিব মানুষকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘গণতন্ত্র চর্চায় সংবাদমাধ্যম ও রাজনৈতিক দল একে অপরের পরিপূরক। এ ক্ষেত্রে বিরোধী দল গণতান্ত্রিক সরকার-ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বিরোধী দল দুর্বল হলে গণতন্ত্রও দুর্বল হয়। আমরা চাই বিরোধী দল আরও শক্তিশালী হোক।’এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান শিহাবউদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. সাহাব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।পরে ওবায়দুল কাদের নিম্নচাপ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী, গাংচিল, চরকলমি, মৌলভীরচরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।