নাটোরে একটি স্কুলে অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চার ক্লাস চলাকালে হঠাত্ এক এক করে ৫১ জন ছাত্রী অচেতন হয়ে পড়ে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ সকালে শরীরচর্চার ক্লাসের সময় এক এক করে ৫১ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। স্কুলের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তত্ক্ষণাত্ অচেতন হওয়া ছাত্রীদের মাথায় পানি ঢাললে ৪৮ জন ছাত্রীর জ্ঞান ফিরে আসে। বাকি তিনজনের অবস্থা খারাপ দেখে তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন, ছাত্রীরা ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েছিল। এখন সবাই সুস্থ আছে।স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার মমতাজ খাতুন নামে এই স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্রী আত্মহত্যা করে। সাপ্তাহিক ছুটির পর আজ শিক্ষার্থীরা এই ঘটনা জানতে পেরে বেশ ভীত হয়ে পড়ে। এই ভয় থেকেই হয়তো তারা অসুস্থ হয়ে পড়েছে। এ কারণে আজ স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।