নাটোরে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ৭ গ্রামবাসী জেলহাজতে
নাটোরে ‘ক্রসফায়ারের’ নামে ব্যবসায়ী আনছার আলীকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সহযোগী সাত গ্রামবাসী আজ সোমবার জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৭ জুলাই শুনানির দিন ধার্য করেছেন। আসামিদের পরে জেলহাজতে পাঠানো হয়।আসামিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের বামিহাল দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হানিফ, বামিহাল গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুস, সেলিম হোসেন, আবদুস সোবহান, আবদুর রশিদ, ফিরোজ হোসেন ও মজিবর রহমান।গত মে মাসে এই সাতজন হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন না দিয়ে তাঁদের আট সপ্তাহের মধ্যে দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলেন। উচ্চ আদালতের নির্দেশে তাঁরা আজ দায়রা জজ আদালতে হাজির হন।আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ জুলাই সকালে সিংড়া থানা পুলিশ বামিহাল বাজারের সার-ব্যবসায়ী আনছার আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। সেখানে তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে তাঁর কথাবার্তাও হয়।পরে ২৭ জুলাই পার্শ্ববর্তী কাকিয়ানের জঙ্গলে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তাঁর পরিবারকে জানায়, আনছার আলী ‘ক্রসফায়ারে’ মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করলে তার চূড়ান্ত প্রতিবেদনও দেওয়া হয়।২০০৯ সালের ১৮ আগস্ট নিহত আনছার আলীর পিতা রজব আলী বাদী হয়ে পুলিশের ১৪ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুর রহমান মামলাটির বিচারবিভাগীয় তদন্ত করেন। তদন্তে সিংড়া থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কারসহ ১২ পুলিশ এবং সাত গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ বছরের ১০ মে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন।এ অবস্থায় আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে নাটোরের দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক গতকাল রোববার এই মামলায় সিংড়া থানার সাবেক ওসিসহ ১১ সদস্য নাটোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।