নাটোরে ক্রসফায়ারের অভিযোগ: ১১ পুলিশ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রসফায়ারের নামে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারের সার-ব্যবসায়ী আনছার আলীকে ২০০৮ সালের জুলাই মাসে হত্যার অভিযোগে দায়রা জজ আদালত সিংড়া থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১১ সদস্যকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।আজ রোববার দুপুরে তাঁরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। ২৭ জুলাই পুনরায় জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।আজ দুপুরে সিংড়া থানার তত্কালীন ওসি আবু বক্কার (৬২), উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎকর (৪৫), লিয়াকত আলী (৪৩), সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন (৩৬), কনস্টেবল আছির উদ্দিন, হাফিজুর রহমান, মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, অধির চন্দ্র, নায়েক আবুল কাশেম ও সিপাহি কামাল হোসেন দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবদুল মজিদ তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাঁদের নাটোর জেলা কারাগারে নেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ জুলাই সকালে সিংড়া থানা পুলিশ বামিহাল বাজারের সার-ব্যবসায়ী আনছার আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। সেখানে তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে তাঁর কথাবার্তাও হয়।পরে ২৭ জুলাই পার্শ্ববর্তী কাকিয়ানের জঙ্গলে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তাঁর পরিবারকে জানায়, আনছার আলী ‘ক্রসফায়ারে’ মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করলে তার চূড়ান্ত প্রতিবেদনও দেওয়া হয়।নিহত আনছার আলীর পিতা রজব আলী বাদী হয়ে ২০০৯ সালের ১৮ আগস্ট ১৪ পুলিশ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুর রহমান মামলাটির বিচারবিভাগীয় তদন্ত করেন। তদন্তে সিংড়া থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কারসহ ১২ পুলিশ এবং অন্য সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ বছরের ১০ মে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন।এ অবস্থায় আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে নাটোরের দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক পুলিশের ১১ সদস্য আজ দুপুরে দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।