নাটোরে গরুর ফসল খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় গরুর ফসল খাওয়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাদ্দাম নামের একজন যুবক নিহত এবং একজন নারীসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় একটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে উপজেলার দিয়াড় শংকরপুর চরে এ ঘটনা ঘটে।লালপুর থানা সূত্রে জানা যায়, আজ সকালে দিয়াড় শংকরপুর চরে গরুর ফসল খাওয়া নিয়ে নাগশোষা গ্রামের আফতাবের সঙ্গে মহরকয়া গ্রামের সাদ্দামের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আফতাব উত্তেজিত হয়ে তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে সাদ্দামের গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সেন্টু (৩৫), জিল্লুর (৩২), এজাজুল (৩০), সোহরাব (৩৫) ও নাছেরা বেওয়া (৩৫) আহত হন। আহত ব্যক্তিদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিত্সাধীন। সাদ্দামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে তাঁর স্বজনেরা লাঠি নিয়ে আফতাবের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে বড় ধরনের সংঘাত হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়েছে। সাদ্দামের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষে মামলার প্রস্তুতি চলছে।