নাটোরে গৃহকর্মী খুন: গৃহকর্তাসহ আটক দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে সালমা খাতুন (১৪) নামের এক গৃহকর্মী খুন হয়েছে। তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে বাড়ির গৃহকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে।সালমার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়ার গ্রামে। তার বাবার নাম শামসুল ইসলাম।বাগাতিপাড়া থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, সালমা চার বছর ধরে জামনগরের নতুন পশ্চিমপাড়া গ্রামের এনামুল হকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। গতকাল সালমাকে বাড়িতে রেখে এনামুলসহ তাঁর পরিবারের সদস্যরা দাওয়াত খেতে যান। আর এনামুলের বৃদ্ধ বাবা ইয়াকুব আলী মসজিদে নামাজ পড়তে যান। রাত আটটার দিকে ইয়াকুব আলী বাড়িতে ফিরে সালমার শোয়ার ঘরে তার লাশ পাটি দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি তাত্ক্ষণিক বাগাতিপাড়া থানার পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির মালিক এনামুল হক এবং প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে এমদাদুল ইসলামকে (৩৫) আটক করেছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম আজ শুক্রবার সকালে এ প্রতিনিধিকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে বাগাতিপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। সালমা খাতুনকে শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।