নাটোরে গ্যাস সরবরাহের ঘোষণায় আন্দোলন স্থগিত
নাটোর সদর আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোর শহরে গ্যাস সরবরাহের আশ্বাসে গ্যাস সরবরাহ আন্দোলন কমিটি তাদের আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করেছে। গ্যাস সরবরাহের দাবিতে জেলা সদরে আজ বৃহস্পতিবার সকাল থেকে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছিল। বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী আহাদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের মাধ্যমে এ আশ্বাস দিলে কমিটি তখনই তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে।গ্যাস সরবরাহ আন্দোলন কমিটি সূত্রে জানা যায়, গ্যাসের দাবিতে ডাকা হরতাল সমর্থন করে শহরবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। হরতাল চলাকালে দোকানপাট ও যানবাহন বন্ধ ছিল। দুপুর ১২টা পর্যন্ত আদালতের কাজে যোগ দেননি আইনজীবীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এসে হরতালকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতাকে বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নাটোরে গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। স্বল্প সময়ের মধ্যে নাটোরে গ্যাস সরবরাহ করা হবে। গ্যাস সরবরাহ আন্দোলন কমিটির আহ্বায়ক কাজী আবুল হাশেম বলেন, ‘আমরা দাবি পূরণের নিশ্চয়তা পাওয়ায় আন্দোলন স্থগিত করেছি। যুক্তিসংগত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করা না হলে আমরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হব।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রথম আলোকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে নাটোরে গ্যাস সরবরাহের ব্যাপারে আলোচনা করেছি। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। খুব শিগগিরই নাটোর উত্তরা গণভবনে সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নাটোরে গ্যাস সরবরাহের বিষয়টি অনুমোদিত হবে।’