নাটোরে চামড়া আমদানিতে রেকর্ড
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরে কোরবানি ঈদ উপলক্ষে রেকর্ড পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকার চামড়া বেচাকেনা শুরু হয়েছে। তবে ঢাকার ট্যানারি মালিকেরা সিন্ডিকেট করে তাঁদের নির্ধারিত মূল্যে চামড়া বিক্রির চাপ দেওয়ায় নাটোরের আড়তদাররা ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ সূত্রে জানা যায়, চামড়া ব্যবসায় ঢাকার পোস্তার পরেই নাটোরের অবস্থান। তৃতীয় বৃহত্তম চামড়ার আড়ত চট্টগ্রাম থেকেও ব্যবসায়ীরা এখানে চামড়া বিক্রির জন্য আসতে শুরু করেছেন। নাটোর স্টেশন রেলগেটসংলগ্ন চকবৈদ্যনাথ এলাকায় গড়ে ওঠা শতাধিক চামড়ার আড়তে ইতিমধ্যে প্রায় ৮০০ কোটি টাকার চামড়া আমদানি হয়েছে। চড়া মূল্য ও তাৎক্ষণিক মূল্য পরিশোধের নিশ্চয়তা থাকায় এখানে চামড়া আমদানি বেড়েছে বলে জানা গেছে। ঢাকার টেনারির বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কেনায় নাটোরের বিভিন্ন আড়তে ফড়িয়ারা বিপুল পরিমাণ কোরবানির চামড়া জড়ো করেছেন।এখানকার চামড়া ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম বলেন, ‘মাঠপর্যায় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা চড়া দামে চামড়া কিনে আনায় আমরাও বেশি দামে কিনতে বাধ্য হয়েছি। অথচ বিপুল পরিমাণ চামড়া আমদানির খবর পেয়ে ঢাকার টেনারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদের কেনা দরে চামড়া কিনতে চাইছেন না। এখন পর্যন্ত কোনো টেনারির মালিক বা তাঁদের প্রতিনিধি নাটোরে চামড়া কেনার জন্য আসেননি। তবে এ অবস্থা বেশি দিন থাকবে না। কারণ ঢাকার ব্যবসায়ীরা জানেন, তাঁরা চামড়া না কিনলে চামড়া অসাধু ব্যবসায়ীর হাত হয়ে অন্য দেশে পাচার হয়ে যাবে।’স্থানীয় ব্যবসায়ী মঞ্জুরুল আলম হীরা বলেন, ‘আমাদের জিম্মি করে ঢাকার ব্যবসায়ীরা চামড়া কেনার ষড়যন্ত্র করলে ভুল করবেন। কারণ আমরা চামড়া না কিনলে তাঁদের চাহিদা পূরণ হবে না।’ ব্যবসায়ীরা জানান, ২৭ বছরের মধ্যে এবারই চামড়ার সবচেয়ে বেশি দাম লক্ষ করা যাচ্ছে। তবে পাঁচ বছর আগে আরও একবার হঠাৎ করেই চামড়ার দাম বেড়ে গিয়েছিল। তাঁরা জানান, ঢাকার কালাম ট্যানারিজ, এপেক্স ট্যানারিজ, বুলুয়া ট্যানারিজ, বিএলসি ট্যানারিজ, সামিয়া ট্যানারিজ, রহমান লেদার, আজিক ট্যানারিজ, ঢাকা ট্যানারিজ ও বে ট্যানারিজ নাটোর থেকে সবচেয়ে বেশি পরিমাণ চামড়া কিনে থাকে। এসব ট্যানারি দ্রুত পাওনা টাকা পরিশোধ করে। এবার খাসি, বকরি ও ভেরার চামড়া ঢাকায় প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা ধরা হলেও নাটোরে তা বেচাকেনা হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। একইভাবে গরু ও মোষের চামড়া ৩০ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হলেও নাটোরে তা বেচাকেনা হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে। এসব কারণে ঈদ-পরবর্তী বাজারে চামড়া কেনার তুলনায় বিক্রি কম হচ্ছে।নাটোরের চামড়া ব্যবসায়ী গ্রুপ জানায়, ১২৬টি আড়তে স্থানীয় প্রায় দেড় হাজার শ্রমিক চামড়ার গায়ে লেগে থাকা চর্বি ছাড়ানো এবং লবণ লাগিয়ে প্রাথমিকভাবে প্রক্রিয়াজাতের কাজ করছে। এভাবে প্রক্রিজাত করা খাসির চামড়া এক থেকে দেড় মাস এবং গরুর চামড়া দেড় থেকে দুই মাস আড়তে রাখা যাবে।জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মকছেদ আলী বলেন, ‘এ বছর রেকর্ড পরিমাণ চামড়া আমদানি হয়েছে। এতে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঢাকার টেনারির মালিকেরা চামড়ার দামের ব্যাপারে আমাদের জিম্মি করে ফেলেছেন।’