নাটোরে চিনিকলের লোকসান ছাড়িয়ে গেছে ১০০ কোটি টাকা
সরকার ঘোষিত মূল্য না পাওয়ায় চাষিরা চিনিকলে আখ সরবরাহ বন্ধ করে দেওয়ায় কর্তৃপক্ষ নাটোরের দুটি চিনিকল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। চিনিকল দুটির লোকসান ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চিনিকল ও আখচাষি ফেডারেশন সূত্রে জানা যায়, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত বছরের অক্টোবরে প্রতি মণ আখের মূল্য ৮০ টাকা ঘোষণা করে। কিন্তু গত নভেম্বরে নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হলে আখচাষিদের মূল্য পরিশোধ করা হয় মণপ্রতি ৬৯ টাকা ১২ পয়সা থেকে ৭০ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে স্থানীয় গুড় উত্পাদনকারীরা প্রতি মণ আখ কিনছে ১০০ থেকে ১২০ টাকায়। ফলে আখচাষিরা চিনিকলে আখ না দিয়ে গুড় উত্পাদনকারীদের কাছে আখ বিক্রি শুরু করেন। অন্যান্য বছর চিনিকল দুটি অক্টোবর মাসে চালু হলেও এবার চাষিদের নেতিবাচক মনোভাবের কারণে নভেম্বরে মাসে আখ মাড়াই শুরু করে। নাটোর চিনিকল চলতি মৌসুমে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা ঠিক করে। কিন্তু চাষিরা আখ সরবরাহ করেছেন মাত্র ৫৫ হাজার মেট্রিক টন। মাত্র ৩৭ দিন আখ মাড়াই করার পর আর কোনো চাষি আখ সরবরাহ করেননি। চিনিকল কর্তৃপক্ষ গত ৭ জানুয়ারি আখ মাড়াই বন্ধ করে দিতে বাধ্য হয়। এ বছর চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নয় হাজার মেট্রিক টন ঠিক করা হলেও উত্পাদিত হয়েছে মাত্র তিন হাজার ৭০০ মেট্রিক টন। আখ উত্পাদনে সহায়তার জন্য চিনিকল কর্তৃপক্ষ চাষিদের মধ্যে সাড়ে ছয় কোটি টাকা ঋণ দেয়। চাষিরা আখ সরবরাহের মাধ্যমে পরিশোধ করেছেন ৪০ লাখ টাকা। আখ মাড়াই বন্ধ করতে বাধ্য হওয়ায় কর্তৃপক্ষ এ বছর ঋণের বাকি টাকা আদায় করতে পারছে না। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষিদের মধ্যে বিতরণ করা এ টাকার জন্য কর্তৃপক্ষকে মোটা অঙ্কের সুদ পরিশোধ করতে হচ্ছে। চিনিকলটির হিসাব শাখা জানিয়েছে, এবার আখ মাড়াই কম হওয়ায় ১৬ কোটি টাকারও বেশি লোকসান হবে। ১৯৯৪ সালে চিনিকলটি চালু হওয়ার পর থেকে গত মাড়াই মৌসুম পর্যন্ত মোট লোকসান হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। অব্যাহত লোকসানের কারণে বিভিন্ন ব্যাংকের কাছে চিনিকলের ঋণের বোঝাও বেড়ে চলেছে। চিনিকলের কর্মচারীরা জানিয়েছেন, বর্তমানে টাকার অভাবে কর্মচারীদের সময়মতো বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না। কর্মচারীদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে সরকারি মালিকানাধীন এ চিনিকলটি বন্ধ হয়ে যেতে পারে। আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও সরকারের ভ্রান্ত নীতির কারণে চিনিকলগুলো বন্ধ হতে বসেছে। তিনি বলেন, সরকার ঘোষিত মূল্য না পাওয়ায় চাষিরা আখ সরবরাহ করতে উত্সাহ পাননি। আমার ১০ বিঘা জমিতে এখনো আখ রয়েছে। কম মূল্যের কারণে আমি চিনিকলে আখ সরবরাহ বন্ধ করে দিয়েছি। মূল্য ঘোষণা নিয়ে সরকার চাষিদের বিভ্রান্ত করেছে। এ ব্যাপারে সরকারের পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে প্রতিবছরের মতো এবারও চিনিকল চালুর আগ মুহূর্তে ইক্ষু উন্নয়ন সহকারী (মাঠ পর্যায়ের কর্মচারী) পদে গণবদলি করা হয়। ফলে নতুন ইক্ষু উন্নয়ন সহকারীরা চাষিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন। আমার ধারণা, পুরোনো কর্মচারীরা থাকলে চাষিদের বুঝিয়ে আরও কিছু আখ সরবরাহ করতে পারতেন। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল ইসলাম বলেন, সরকার ঘোষিত ৮০ টাকা মূল্য আগামী মাড়াই মৌসুম (২০১০-২০১১) থেকে দেওয়া হবে। তুলনামূলক অন্যান্য ফসলের মূল্য বেড়ে যাওয়া ও আখচাষিদের মূল্য না বাড়ায় তাঁরা ক্ষুব্ধ। তিনি বলেন, এলাকায় চিনিকল আছে বলেই গুড় উত্পাদনকারীরা চাষিদের আখের মূল্য বেশি দিচ্ছে। চিনিকল বন্ধ হয়ে গেলে তারা মূল্য কমিয়ে দেবে। এ বিষয়টি চাষিদের ভাবতে হবে। সরকার শক্তিচালিত যন্ত্রে গুড় উত্পাদন বন্ধে আইন করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের অসহযোগিতার কারণে অবৈধ গুড় উত্পাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। দেশের সবচেয়ে পুরোনো চিনিকলগুলোর মধ্যে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল অন্যতম। ১৯৩৪ সালে এই চিনিকল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আখ এ এলাকার প্রধান অর্থকরী ফসল হয়ে ওঠে। মূল্য বৈষম্যের কারণে এই চিনিকল এলাকার (নাটোরের লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলাসহ পাবনার ঈশ্বরদী উপজেলা) চাষিরাও আখ সরবরাহ কমিয়ে দিয়েছেন। ফলে শুধু গত তিনটি মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল চিনিকল সাড়ে ১২ কোটি টাকা লোকসান দিয়েছে। চিনিকলের পরিসংখ্যানে দেখা যায়, গত ১০ বছরে লোকসানের পরিমাণ প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। এবার চিনিকলের আখ মাড়াই লক্ষ্যমাত্রা প্রথমে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন ধরা হলেও আখ সরবরাহ কমে যাওয়ায় এক লাখ ৬০ হাজার মেট্রিক টন পুনর্নির্ধারণ করা হয়। চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১১ হাজার ৬৮০ মেট্রিক টন, যা মিল প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে কম। চিনিকল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এক হাজার ৪৮টি পাওয়ার ক্রাসার প্রতিদিন প্রায় তিন মেট্রিক টন আখ মাড়াই করে গুড় তৈরি করছে। ফলে উত্পাদিত আখের বড় একটা অংশ থেকে চিনিকল বঞ্চিত হচ্ছে। এ বছর চিনিকল মাত্র এক লাখ চার হাজার ৪৬৫ মেট্রিক টন আখ মাড়াই করতে পেরেছে। চিনি উত্পাদিত হয়েছে মাত্র সাত হাজার ২৩৪ মেট্রিক টন। গত ১১ নভেম্বর থেকে আখ মাড়াই শুরু হয়। গত ২১ জানুয়ারি আখচাষিরা চিনিকলে আখ সরবরাহ বন্ধ করে দেওয়ায় চিনিকল কর্তৃপক্ষ আখ মাড়াই বন্ধ করে দিতে বাধ্য হয়। চিনিকলের হিসাব বিবরণী থেকে দেখা যায়, গত ৭৬ বছরে চিনিকলের মাড়াইকাল ছিল গড়ে ১২৬ দিন। অথচ এবার মাত্র ৭২ দিনেই আখ মাড়াই বন্ধ করতে হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল হক বলেন, কর্মচারীদের দুর্নীতির কারণে নয়, চাষিদের অসহযোগিতার কারণে আমরা আখ মাড়াই বন্ধ করতে বাধ্য হয়েছি। তাঁদের সহযোগিতা ছাড়া এ শিল্প টিকিয়ে রাখা অসম্ভব। তিনি জানান, নাটোরের দুটি চিনিকলে পুঞ্জীভূত লোকসান ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ শিল্পকে লাভজনক করতে হলে চাষিদের দীর্ঘ সময় ধরে আখ সরবরাহ করতে হবে।