নাটোরে চুরি যাওয়া ১২ লাখ টাকার টিকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সিভিল সার্জনের কার্যালয়ের গুদাম থেকে চুরি যাওয়া ১২ লাখ টাকা দামের দুই হাজার রোগ প্রতিরোধক টিকা গত সোমবার রাতে উদ্ধার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ ঘটনায় ডিবি পুলিশ আবদুস সামাদ, সিভিল সার্জনের কার্যালয়ের গুদামরক্ষক ফজলুর রহমান ও নৈশপ্রহরী ইউনুস আলীর স্ত্রী শাইমা বেগমকে গ্রেপ্তার করেছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুদামরক্ষক ফজলুর রহমান ও নৈশপ্রহরী ইউনুস আলীকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক ভ্রমর চন্দ্র বাদী হয়ে চারজনকে আসামি করে গতকাল মঙ্গলবার সদর থানায় মামলা করেন। পুলিশ গতকাল বিকেলে গ্রেপ্তার তিনজনকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুল হান্নান জানান, তাঁরা সোমবার সন্ধায় নাটোরের দত্তপাড়া থেকে সিরাজগঞ্জগামী একটি বাসের যাত্রী আবদুস সামাদকে (৩৮) ৩০০টি সরকারি টিকা পেন্টাভেলেন্টসহ আটক করেন। জিজ্ঞাসাবাদে আবদুস সামাদ জানান, টিকাগুলো তিনি নাটোর শহরের কান্দিভিটা মহল্লায় সিভিল সার্জনের কার্যালয়ের নৈশপ্রহরী ইউনুস আলীর বাড়ি থেকে এনেছেন। পুলিশ রাত সাড়ে আটটায় ইউনুস আলীর ঘরে তল্লাশি চালিয়ে চৌকির নিচ থেকে আরও এক হাজার ৭০০টি টিকা উদ্ধার করে। এ সময় ইউনুস বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী শাইমা বেগম জানান, টিকাগুলো সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী শহীদুল ইসলাম রেখে গেছেন। পরে ওই কার্যালয়ের গুদামরক্ষক ফজলুর রহমানকে ডিবি পুলিশ আটক করে। শহীদুল বর্তমানে পলাতক। উপপরিদর্শক আবদুল হান্নান বলেন, উদ্ধার করা টিকার বাজারমূল্য ১২ লাখ টাকার ওপরে।এ ব্যাপারে সিভিল সার্জন মিজানুর রহমান তাঁর কার্যালয়ের গুদাম থেকে ওই টিকাগুলো চুরি যাওয়ার কথা স্বীকার করে বলেন, অপরাধী যে-ই হোক, তাকে কঠোর শাস্তি পেতে হবে। ঘটনা তদন্তে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুলসী রায়কে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধীদের ব্যাপারে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে। গুদাম কর্মকর্তাকে তদন্ত দলের আহ্বায়ক করা যুক্তিযুক্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, অন্য কেউ না থাকায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটিতে একজন ম্যাজিস্ট্রেটও আছেন।সিভিল সার্জন জানান, চুরি যাওয়া টিকাগুলো হেপাটাইটিস বি, ডিপথেরিয়াসহ শিশুদের পাঁচটি মারাত্মক রোগের প্রতিরোধক। সম্প্রতি সরকার টিকাগুলো দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করেছে। এ টিকা খোলাবাজারে পাওয়া যায় না।