নাটোরে জামায়াত ও আ.লীগের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে আজ রোববার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। আহত লোকজনের মধ্যে জামায়াতের পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে দলটি।এদিকে এ সংঘর্ষের ঘটনায় বেলা দুইটা থেকে নাটোরের আবদুলপুর স্টেশনে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ও পার্বতীপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস আটকা পড়ে আছে। বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে মালঞ্চি বাজারে বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মমতাজুল ইসলাম এবং আওয়ামী লীগের কর্মী মইনুল ইসলামের মধ্যে হরতাল পালন করা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে মমতাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, মইনুল ইসলামসহ ৩০ জন আহত হয়েছেন। আহত লোকজনকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দয়রামপুরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ মালঞ্চি রেলগেট এলাকায় ছড়িয়ে পড়লে নাটোর ও আব্দুলপুরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মালঞ্চি বাজারে অবস্থান নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতে ইসলামের সমর্থকেরা রেললাইনের পূর্ব পাশে ও আওয়ামী লীগের কর্মীরা পশ্চিম পাশে অবস্থান করছেন। এদিকে দিগন্ত টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসহাক আলী ঘটনাস্থলে গেলে যুবলীগের কর্মীরা তাঁকে রড দিয়ে মারধর করেন ও তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’প্রসঙ্গত, রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত আজ নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।