নাটোরে ট্রেনের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের তিনজন যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়। উপজেলার আবদুলপুর রেলক্রসিংয়ে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।আবদুলপুর রেলস্টেশন ও লালপুর থানা সূত্রে জানা যায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি ভ্যান আবদুলপুর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিমুখী আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের তিন যাত্রী নিহত হয়। ভ্যানচালক ও অপর দুই যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় ক্রসিংয়ের গেট খোলা ছিল। ওই সময় গেটম্যানকে দেখা যায়নি। আহতদের হাত-পা কাটা পড়েছে। দুর্ঘটনার পর ট্রেনটি আবদুলপুর রেলস্টেশন অতিক্রম করে চিলাহাটির দিকে চলে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনাস্থল থেকে প্রথম আলোর কাছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আবদুলপুর রেলস্টেশনের মাস্টার জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। গেটম্যানের অবহেলা থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।