নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত
নাটোরের আত্রাই উপজেলার শাহগোলা স্টেশনে ঢোকার সময় আজ রোববার সকালে ঢাকাগামী আন্তনগর ট্রেন দ্রুতযানের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে স্টেশনের অন্য লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।রেলওয়ে পশ্চিম অঞ্চল অফিস সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তনগর ট্রেন দ্রুতযান সকাল ছয়টার দিকে আত্রাই উপজেলার শাহগোলা স্টেশনে ঢোকার সময় ট্রেনটির যাত্রীবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এতে নাটোর স্টেশনসহ উভয় পাশের স্টেশনগুলোতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। তবে দুপুরের পর থেকে দুর্ঘটনাকবলিত বগিটির পাশের লাইন দিয়ে আটকে পড়া ট্রেনগুলো চলতে শুরু করে। বেলা একটায় বনারপাড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।