নাটোরে দরপত্র জমার সময় যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের সমর্থক ঠিকাদারদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন দাবি করেছেন, হামলার সময় প্রতিপক্ষ তাঁর ওপর এসিড ছুড়ে মারে। অন্য ব্যক্তিরা আহত হয়েছেন লাঠির আঘাত ও দায়ের কোপে। এসিডদগ্ধ যুবলীগের কর্মী মধু (২৮) ও রামদায়ের আঘাতে গুরুতর আহত সারোয়ারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বেলালসহ (৩২) অন্য তিনজন নাটোরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিরা সবাই প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার সমর্থিত যুবলীগের কর্মী। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বিকেল ছয়টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রিভলবার, একটি শাটার গান, তিনটি গুলি, একটি রামদাসহ যুবলীগের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রসহ তাঁরা ওই চত্বরে থাকা একটি মাইক্রোবাসে ছিলেন। আটক ব্যক্তিরা হলেন হাসু, রানা, জনি, মিন্টু, শহিদুল, সেন্টু, নয়ন, জাহাঙ্গীর, ওসমান ও মানিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক নির্মাণের সাড়ে তিন কোটি টাকার কাজের দরপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল। ১২ গ্রুপের এই কাজ দখলে নিতে সকাল থেকে নাটোর শিশুপার্ক, সদর উপজেলা পরিষদ ও ভবানীগঞ্জ মোড়ে অবস্থান নেয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সোহেল সরকারের সমর্থক যুবলীগের দুটি পক্ষের শতাধিক কর্মী। এ সময় যুবলীগের সমর্থক ঠিকাদারেরা একে অপরকে দরপত্র দাখিল করতে নিষেধ করেন। উভয় পক্ষের কর্মীরা দল বেঁধে দরপত্র জমা দিতে এলে পুলিশ তাঁদের আটকে দেয়। পরে নির্ধারিত কয়েকজনকে দরপত্র জমা দিতে দেওয়া হয়। জানা যায়, এর কিছুক্ষণ পর দুপুর পৌনে একটার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তায় উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে র‌্যাব ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগে নাটোর মিশন ব্যাপ্টিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মধু প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা আমার কপালে এসিডভর্তি কৌটা ছুড়ে মেরেছে।’ যুবলীগের নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘আমার সমর্থক ঠিকাদারদের দরপত্র দাখিল করতে কয়েকজন যুবক বাধা দিয়েছিল। পুলিশের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে তারা দরপত্র দাখিল করেছে। পরে কারা সংঘর্ষ করেছে তা জানি না।’ এ ব্যাপারে সোহেল সরকার বলেন, ‘দরপত্র জমা নিয়ে গোলমালের কথা শুনেছি। তবে বিস্তারিত কিছু বলতে পারব না।’ সংঘর্ষে আহত ব্যক্তিরা তাঁর সমর্থক—এটি তিনি স্বীকার করেননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দরপত্র দাখিলের পর পরই দুই যুবক গুরুতর আহত হয়েছেন। একজনের মুখমণ্ডল ঝলসে গেছে। তবে কীসে ঝলসে গেছে তা জানি না। হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে আটক হওয়া যুবলীগের ১০ কর্মী হামলায় জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার ও হামলার ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।