নাটোরে দুই যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর ব্রিজের নিচ থেকে পুলিশ আজ মঙ্গলবার সকালে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। নাটোর জেলা যুবলীগের সহসভাপতি (সদ্য বহিষ্কৃত) এহিয়া চৌধুরী থানায় গিয়ে লাশ দুটি যুবলীগের কর্মী ইকবাল ওরফে ফাউল সুজন (৪০) এবং খোরশেদ আলম ওরফে শাওন (৩৮) বলে শনাক্ত করেন। নিহত দুজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাত দিন আগে তাঁদের ওই যুবলীগ নেতার বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।সিংড়া থানা সূত্রে জানা গেছে, পথচারীরা নাটোর-বগুড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজের নিচে দুই যুবকের লাশ পড়ে থাকার খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুজনেরই মাথায় গুলির আঘাত রয়েছে। উদ্ধারের সময়ও ক্ষতস্থান থেকে রক্ত পড়ছিল। লাশ দুটির পাশে একটি মোড়কে মুঠোফোনের ১০টি সিম এবং দুটি মুঠোফোন পাওয়া যায়।যুবলীগের নেতা এহিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, ১০ আগস্ট রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী তাঁর বাসা থেকে ইকবাল ও শাওনকে তুলে নিয়ে যায়। তাঁরা দুজনই যুবলীগ করতেন। ঘটনাটি সদর থানায় জানানো হয়, তবে থানা কর্তৃপক্ষ তাঁদের কোনো হদিস পায়নি। অবশেষে আজ সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে যুবলীগের নেতা এহিয়া চৌধুরীর কানাইখালী চৌধুরীপাড়ার একটি বাসায় বসবাস করে আসছিলেন। বেশির ভাগ সময় তাঁরা ওই নেতার দলীয় কার্যালয়ে থাকতেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও তাঁরা অংশ নিতেন।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, নিহত দুজনের বিরুদ্ধে সদর থানায় একাধিক দাঙ্গা-হাঙ্গামার মামলা রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, নিহত ইকবাল কিছুদিন থেকে নাটোর শহরে থাকলেও তাঁর বাড়ি পাবনা শহরের দিলালপুর মহল্লায়। তাঁর পিতার নাম ফিরোজ হোসেন।প্রথম আলোর পাবনা প্রতিনিধি জানান, নিহত ইকবালের বাবা ফিরোজ হোসেন পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, পাবনা সদর থানায় ইকবালের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, তবে নিহত শাওনের স্থায়ী ঠিকানা জানা সম্ভব হয়নি।