নাটোরে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ কর্মীর মৃত্যু
নাটোর সদরে গতকাল রোববার রাতে রবিউল ইসলাম ওরফে রবি (২৮) নামের এক যুবলীগের কর্মীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।নাটোর সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে কয়েকজন অপরিচিত যুবক রবিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত পৌনে নয়টার দিকে শহরতলির রামাইগাছিতে তাঁর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে আসে। রাত ১০টার দিকে রবির ভাই আবদুল আজিজ তাঁর লাশ শনাক্ত করেন। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পরপরই নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এজাহার পাওয়ার পর তদন্ত পুরো মাত্রায় শুরু করা হবে। খুব অল্প সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।এদিকে, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তেরা প্রথমে তাঁকে ছুরিকাঘাত করেছিল। পরে শরীরে পেট্রল ঢেলে তাঁকে পুুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা। রবিউল ইসলামের বাড়ি নাটোর সদরের চৌধুরী বড়গাছার এলাকায়। তাঁর বাবার মৃত আবদুর রহমান ঢালী।