নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি কমিশন ঘোষণার দাবিতে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের তিন শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকেরা কর্মকর্তাদের কারখানায় ঢুকতে দেননি।নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা যায়, দীর্ঘ দিনের দাবি সত্ত্বেও সরকার চিনিকল শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা না করায় শ্রমিকেরা আজ কারখানা চত্বরে বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। চিনিকলের তিন শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার কামাল বলেন, ‘সরকারি শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চালু হওয়ার পর থেকে আমরা চিনিকল শ্রমিকদের জন্য পৃথক মজুরি কমিশন ঘোষণার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। বাধ্য হয়ে আমরা কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছি। সরকার দাবি না মানা পর্যন্ত এ অন্দোলন চলতে থাকবে।’ এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারিছ আলী বলেন, স্থানীয়ভাবে শ্রমিকদের এ দাবি পূরণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে যোগযোগ করা হচ্ছে।