নাটোরে নির্ঘুম ১০ গ্রামের মানুষ
ডাকাতের আতঙ্কে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ এক মাস ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন। পুলিশের ওপর ভরসা করতে না পেরে তাঁরা আত্মরক্ষার জন্য সারা রাত গ্রাম পাহারা দিচ্ছেন লাঠি আর টর্চলাইট নিয়ে।এলাকাবাসী জানান, প্রতি গ্রামের ২০ জন করে প্রাপ্তবয়স্ক লোক পালাক্রমে রাত জেগে লাঠি আর টর্চলাইট হাতে নিয়ে এ পাহারায় অংশ নিচ্ছেন। বাড়িতে অবস্থান করা গ্রামের অন্য নারী-পুরুষেরাও রাত জাগছেন। ফলে জরুরি কাজ ফেলে অনেকে দিনের বেলায় ঘুমাতে বাধ্য হচ্ছেন। রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত অপরিচিত যেকোনো মানুষের এসব গ্রামে ঢোকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। না জেনে কেউ ঢুকে পড়লে তাকে আটকে রেখে খবর দেওয়া হয় গ্রামপ্রধানদের। গ্রামে আসার উপযুক্ত কারণ দেখাতে পারলে তবেই ছাড়া পায় আটক হওয়া ব্যক্তি।বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের তালশো, মল্লিকপুর, বড়দেহা, নগর, ছোট পিঙ্গইন, বড় পিঙ্গইন, কুমারখালী, দামাইপুর ও মিয়াপুর গ্রামে গিয়ে জানা গেছে, কিছুদিন থেকে এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ায় দলমত-নির্বিশেষে গ্রামের প্রাপ্তবয়স্ক প্রতিটি লোককে সদস্য করে গ্রামে গ্রামে গঠন করা হয়েছে ডাকাত প্রতিরোধ কমিটি। গ্রাম কমিটিগুলো আবার আঞ্চলিক কমিটি করতে আশপাশের গ্রাম কমিটির সঙ্গে সভা করছে। স্থানীয় লোকেরা বলেছেন, সম্প্রতি এই এলাকার সোবাহান সরকার, আবদুল লতিফ ও সাইফুল ইসলামের বাড়িসহ কয়েকটি গ্রামের আট-নয়টি বাড়িতে ডাকাতি হয়েছে। থানায় মামলা করতে গেলে পুলিশ ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নেয়। এর ফলে সংঘবদ্ধ ডাকাতেরা আরও উৎসাহিত হয়ে তৎরপতা বাড়িয়ে দেয়। দুই সপ্তাহ আগে এলাকাবাসী ডাকাত সন্দেহে এক যুবককে আটক করে মারধর করলে পুলিশ তাকে উদ্ধার করতে যায়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে হামলা চালিয়ে পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করেছেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি হয়েছে। স্থানীয় লোকেরা আরও বলছেন, ডাকাত সন্দেহে ওই যুবককে মারধরের সময় সে নিজেকে ডাকাত বলে স্বীকার করে এবং তার সঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত এলাকার কয়েকজনের নাম বলে। নাম বলা এসব ডাকাতেরা এলাকা ছেড়ে গোপন আস্তানায় গিয়ে মুঠোফোনে প্রতিনিয়ত বিভিন্ন হুমকি দিয়ে গ্রামগুলোতে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে।তালশো গ্রামের মোজাহার ব্যাপারি বলেন, ‘পুলিশের ওপর আর ভরসা করতে পারছি না। তাই নিজেরাই রাত জাগছি।’ বড়দেহা গ্রামের জসিম উদ্দিন বলেন, ‘ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ আসে। তখন এসে লাভ কী? তাই নিজেরাই চেষ্টা করছি ডাকাত ঠেকাতে।’ নগর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মাঝেমধ্যে তো ডাকাতি হয়। পুলিশ কাউকে কাউকে ধরেও। তাই আমরা আইন মেনে লোকজনকে গ্রাম পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছি।’ডাকাতির ঘটনায় ডাকাতি মামলা না নিয়ে চুরির মামলা নেওয়া এবং গ্রামবাসীর রাত জেগে পাহারা দেওয়া সম্পর্কে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এলাকার মানুষ নিজেদের সম্পদ রক্ষায় রাত জেগে পাহারা দেওয়ার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করছে। এটি একটি ভালো উদ্যোগ। অল্প কয়েকজন পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। আর ঘটনা ডাকাতির হলে ডাকাতি মামলা নেওয়া হচ্ছে। যদি ঘটনা চুরির হয়, তাহলে তো চুরির মামলা না নিয়ে উপায় নেই।’