নাটোরে পাঁচ বছরের শিশুকে টুকরো করে হত্যা
নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী গ্রাম থেকে গতকাল সোমবার বাঁধন (৫) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গ্রামের বিভিন্ন জায়গা থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত একটি পা উদ্ধার করা সম্ভব হয়নি।বাঁধনের প্রতিবেশী আতাউর রহমান জানান, গত শুক্রবার জংলী গ্রামের বানছের আলীর ছেলে বাঁধন হারিয়ে যায়। গতকাল বিকেলে গ্রামের ত্রিপুরা পাড়ার একটি কলাবাগানের ভেতরে একটি শিশুর খণ্ডিত পা পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। প্রায় একই সময়ে আধাকিলোমিটার দূরে একই গ্রামের মণ্ডলপাড়ায় একটি লেবুর বাগানে বাঁধনের লাশ পাওয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীরা শিশুটির দুটি পা ও একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেছে। শিশুটির মাথাও বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাঁধনের বাবা বানছের আলী ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। বানছের ও মা আরজিনা বেগম বলেন, প্রতিবেশী কারও সঙ্গেই তাঁদের কখনো কোনো শত্রুতা ছিল না।নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণমোহন তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। ময়নাতদন্তের জন্য বাঁধনের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।