নাটোরে পাট নিয়ে বিপাকে চাষিরা
নাটোরে লক্ষ্যমাত্রার তিন গুণ পাট চাষ হলেও পানির অভাবে চাষিরা জাগ দিতে না পেরে বিপাকে পড়েছেন। উত্পাদন বেড়ে যাওয়ায় কৃষকেরা রিবন রেটিং পদ্ধতি প্রয়োগ করে সব পাট থেকে আঁশ সংগ্রহ করতে পারছেন না। জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার ছয় হাজার ৯০০ হেক্টর জমি পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। শেষ পর্যন্ত চাষ হয়েছে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে। এর মধ্যে তোষা পাট চাষ হয়েছে ১৪ হাজার ৮০০ ও দেশি জাতের পাট তিন হাজার ৭০০ হেক্টর জমিতে। সব চেয়ে বেশি পাট চাষ হয়েছে বড়াইগ্রাম উপজেলায়। এখানে চাষ হয়েছে পাঁচ হাজার ৪০০ হেক্টর। যা জেলার মোট পাট চাষের প্রায় এক-তৃতীয়াংশেরও বেশি। সরেজমিনে জেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, জাগ দেওয়ার জন্য কৃষকেরা কাটা পাট বিভিন্ন পরিবহনে করে পানির জন্য দূর-দূরান্তে নিয়ে যাচ্ছেন। বড়াইগ্রাম উপজেলার রয়না গ্রামের চাষি আবু বক্কর ও কুজাইল গ্রামের কিষানি তসলিমা খন্দকার স্বপ্না জানান, এবার তাঁরা প্রায় সব জমিতেই পাট চাষ করেছেন। পানির অভাবে পাট জাগ দিতে না পেরে এখন তাঁরা হতাশ হয়ে পড়েছেন। চাষিরা জানান, পাট কাটতে দেরি হওয়ায় পাটগাছে ডালপালা বের হয়ে যাচ্ছে। কোনো কোনো জমির পাট শুকিয়েও যাচ্ছে।নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, গত মৌসুমে উত্পাদিত পাটের দাম বেশি হওয়ায় এবার চাষিরা বেশি জমিতে পাট চাষ করেছেন। জেলায় অনেক চাষি আছেন যাঁরা এবার তাঁদের সব জমিতেই পাট চাষ করেছেন। উত্পাদিত এসব পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি না থাকায় সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে নাটোর জেলায় ৪৪৫ জন কৃষককে রিবন রেটিং মেশিন দেওয়া হয়েছে। তবে উত্পাদিত পাটের আঁশ এই যন্ত্র দিয়ে স্বল্প সময়ে সংগ্রহ করা সম্ভব নয়। তাই পাটচাষিদের উন্মুক্ত জলাশয়ের ওপর ভরসা করতে হচ্ছে। কিন্তু বৃষ্টিপাত অস্বাভাবিক কম হওয়ায় এখানকার খাল, বিল ও ডোবায় পানি নেই। ফলে চাষিরা পাট থেকে আঁশ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন।