নাটোরে পুলিশ কর্মকর্তাকে মারধর, ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া থানা ভবনের মধ্যে যুবদলের নেতাকে মারধর করতে বাধা দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করেছেন। এ ঘটনায় সিংড়া সরকারি গোল-ই-আফরোজ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ দুই মামলায় ফারুক হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিংড়া সরকারি গোল-ই-আফরোজ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সোমবার সকালে থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান ও বিএনপির কর্মী খবীর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।দুপুর ১২টার দিকে আটক হওয়া নেতা-কর্মীদের দেখতে যান থানা যুবদলের আহ্বায়ক তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রায়হান কবির, রেজাউল করিম ও হাবিবুর রহমান।এ সময় ওই কলেজ ছাত্রলীগের সভাপতি লুত্ফুল হাবিব ওরফে রুবেল, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী থানা ভবনে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা থানা ভবনে অবস্থানরত যুবদলের নেতাদের মারধর শুরু করেন।এ সময় থানার এসআই নূরুজ্জামান তাঁদের বাধা দিলে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওই তাঁকেও মারধর করেন। এ সময় থানা পুলিশের অন্যান্য সদস্যরা নূরুজ্জামানকে রক্ষা করেন এবং ছাত্রলীগের নেতা ফারুককে আটক করে থানাহাজতে রাখেন।খবর পেয়ে নাটোরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন সিংড়া থানায় আসেন। তাঁর নির্দেশে নুরুজ্জামান বাদী হয়ে ছাত্রলীগের নেতা ফারুক হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ফারুককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।এর আগে চাঁদাবাজির অভিযোগে ফারুকের দায়ের করা মামলায় আটক করা ওই দুজনকেও গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত সবাইকে নাটোর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহম্মদ ফয়জুর রহমান বলেন, ফারুক হোসেন থানার মধ্যে এসে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।