নির্বাচন-পরবর্তী সহিংসতায় আজ শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার পশ্চিম গড়মাটি গ্রামে ১২ জন আহত হয়েছে। প্রতিপক্ষের হামলায় দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টায় উপজেলার গড়মাটি বাজারে ভোটের ফলাফল নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী আবদুস ছালামের সমর্থকদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকেরা গড়মাটি পশ্চিমপাড়ায় প্রতিপক্ষ ইউনুচ আলী, ফিরোজ হোসেন ও মিঠুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলায় বাধা দিলে অন্তত ১২ জন আহত হয়। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত ইউনুচ আলী বলেন, ‘চেয়ারম্যানের ভাই সেলিম সরকার তার দলবল নিয়ে আমার বাড়ির তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।’তবে অভিযুক্ত সেলিম সরকার অভিযোগ অস্বীকার করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নির্বাচিত চেয়ারম্যান পশ্চিম গড়মাটি ভোট কেন্দ্রে অপেক্ষাকৃত কম ভোট পাওয়ায় তাঁর ভাই সেলিম সরকার দলবল নিয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা চালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।