নাটোরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিত্সককে মারধর, ক্লিনিকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের একটি ক্লিনিকে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিত্সককে মারধরের পর ক্লিনিকে তালা লাগিয়ে দিয়েছে স্থানীয় লোকজন। পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় ওই প্রসূতি মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।আজ বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর বড়গাছা মহল্লার আবুল হোসেনের স্ত্রী সাহিদা বেগম (৩২) নামের এক প্রসূতি শহরের শেফা হাসপাতালে মারা যান।পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বিকেলে সাহিদাকে সন্তান প্রসবের জন্য শেফা ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল পাঁচটায় অল্প সময়ের ব্যবধানে তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়। জন্মের পর শিশু দুটি সুস্থ থাকলেও মায়ের খিঁচুনি শুরু হয়। তিনি ব্যথায় ছটফট করতে থাকলে গতকাল দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ‘জি-প্যাথেটিক’ নামের ইনজেকশন দেওয়া হয়। এরপর তিনি মারা যান।নিহতের ভাই শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘ইনজেকশনটি ২০১০ সালের অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমরা সেটা দিতে নিষেধ করি। এর পরও কর্তৃপক্ষ ওই ইনজেকশন প্রয়োগ করে। এতে খিঁচুনি আরও বেড়ে যায় এবং কিছু সময়ের মধ্যে আমার বোন মারা যায়।’শেফা ক্লিনিকের মালিক ডা. খলিলুর রহমান বলেন, ‘আমরা রোগীকে যথাযথ চিকিত্সা দিয়েছি। কোনো মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়া হয়নি। তবে অস্ত্রোপচারের পর অত্যধিক খিঁচুনির কারণে রোগী মারা গেছেন।’নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রসূতি মারা যাওয়ার পর স্থানীয় লোকজন ক্লিনিকের চিকিত্সক খলিলুর রহমানকে মারধর করে ও ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্থানীয় লোকজন চিকিত্সকের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ক্লিনিকের সামনে অবস্থান নিয়েছে।