নাটোরে বাংলা ভাইয়ের সহযোগী শাহাদত গ্রেপ্তার
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী শাহাদত হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ আজ মঙ্গলবার ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, রাজশাহীর দায়রা জজ আদালতের পাঠানো গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশ আজ ভোরে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তিনি নাটোর সদর উপজেলার জগদীশপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাজশাহীর বাগমারার মনোয়ার হোসেন ওরফে বাবু হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এর আগে তাঁকে আরও তিনবার গ্রেপ্তার করেছিল। বাগমারা থানা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ এপ্রিল নাটোর সদর উপজেলার সরকতুয়া গ্রামের কলেজ ছাত্র মনোয়ার হোসেন ওরফে বাবুকে রাজশাহীর বাগমারা উপজেলার পলাশি গ্রামে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। বাংলা ভাইয়ের নেতৃত্বে প্রকাশ্যে হত্যা করার ঘটনা সেটাই ছিল প্রথম। এ ঘটনায় ওই সময় বাগমারা থানায় একটি হত্যা মামলা হয়। ওই সময় পুলিশ মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দেন। ২০০৮ সালে নিহতের বাবা মহসিন আলী বাদী হয়ে আবার মামলা করলে পুলিশ তদন্ত শেষে বাংলা ভাইসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রাজশাহীর দায়রা জজ আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানায় আজ শাহাদতকে গ্রেপ্তার করা হয়েছে।