নাটোরে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই
নাটোরে গতকাল রোববার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের দরপত্র বাক্সের তালা ভেঙে এক লাখ ৯৭ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র ছিনতাই করেছেন কয়েকজন যুবক। প্রায় এক কোটি টাকার সড়ক মেরামতের কাজ পাওয়ার জন্য নাটোরের এমআর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই দরপত্র দাখিল করে। প্রতিষ্ঠানটির মালিক ও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজানের অভিযোগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেলে ও শ্রমিক লীগের কিছু নেতা-কর্মী দরপত্র ছিনতাই করেছেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে বা দলের কেউ এ ঘটনায় জড়িত ছিল না। পুলিশ তদন্ত করে দেখবে কারা এর সঙ্গে জড়িত।এলজিইডির নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বনবেলঘরিয়া থেকে মমিনপুর হাট পর্যন্ত সড়ক মেরামতকাজের জন্য গত ২৫ জুলাই দরপত্র আহ্বান করা হয়। ৯৮ লাখ ৬৮ হাজার টাকার এই কাজের জন্য ২৯ জুলাই শিডিউল বিক্রি শুরু হয়। গতকাল দুপুরে এমআর কনস্ট্রাকশনের মালিকের একজন প্রতিনিধি এই কাজের জন্য এক লাখ ৯৭ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র দাখিল করেন। ওই প্রতিনিধি নির্বাহী প্রকৌশলীর নিজস্ব কক্ষে রাখা বাক্সে দরপত্র জমা দিয়ে যাওয়ার পরপরই ১৫-২০ জন যুবক জোর করে ওই কক্ষে প্রবেশ করেন। তাঁরা কর্মচারীদের দরপত্র বাক্সের তালা খুলে দিতে বলেন। এতে কেউ সাড়া না দিলে যুবকেরা পিয়ন আমিরুল ইসলামকে কিল-ঘুষি মারেন। পরে তাঁরা বাক্সের তালা ভেঙে এমআর কনস্ট্রাকশনের জমা দেওয়া ব্যাংক ড্রাফটসহ দরপত্র বের করে নিয়ে চলে যান। এ সময় নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন তাঁর কক্ষে ছিলেন না। খবর পেয়ে নাটোর থানার পুলিশ ও নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে ছুটে আসেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীসহ এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বিকেলে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।ঘটনার পরপরই এমআর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম দরপত্র ছিনতাইয়ের ঘটনার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের জ্যেষ্ঠ পুত্র সোহেল সরকার ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মোর্তুজা বাবলুসহ তাঁদের সমর্থকদের দায়ী করেন। পাশাপাশি এ ঘটনার জন্য তিনি নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেনকেও দায়ী করেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী আজ (রোববার) থেকে দরপত্র বাক্স পাহারার জন্য পুলিশ নিয়োগ করার কথা। কিন্তু নির্বাহী প্রকৌশলী তা করেননি। এ ছাড়া ছিনতাইকারীদের সহযোগিতার জন্য লোকমান হোসেন বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার জন্য শুধু তাঁর কার্যালয়ের কথা উল্লেখ করেছেন। অথচ এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আশপাশের জেলার এলজিইডি কার্যালয়ে দাখিলের সুযোগ থাকার কথা ছিল। তিনি অবিলম্বে দরপত্র ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দরপত্র দাখিলের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানান।নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি অফিসের কাজে রাজশাহীতে ছিলাম। যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি দরপত্র পুনরায় দাখিলের সুযোগ দেওয়া হবে।’