নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল রোববার গভীর রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। উপজেলার লাথুরিয়ায় ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাটোরের বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটার দিকে মহাসড়কের লাথুরিয়ায় ঢাকাগামী উত্তরা পরিবহন বাসের সঙ্গে বনপাড়ামুখী আলুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী মারা যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র শাহাদত হোসেন। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় ট্রাকের চালক, তাঁর সহকারী ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, চারটি লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।