নাটোরে বাসচাপায় নিহত ৬
নাটোরে ঈদ আনন্দযাত্রা করতে গিয়ে আজ মঙ্গলবার বিআরটিসি বাসের চাপায় ছয় যুবক নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বটধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালককে আটক করেছে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) দীন ই আলম প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি বটধর এলাকায় স্থানীয় কিছু যুবক ভটভটি নিয়ে আনন্দযাত্রা শুরু করেন। এ সময় রংপুরগামী বিআরটিসি বাস একটি ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘাতক বাসসহ চালককে আটক করেছে।ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে অন্য একটি বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।