নাটোরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নাটোরের একডালায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের কাউখালী উপজেলার মোস্তফা আকন্দ ও রাজশাহী বোয়ালিয়া থানার মেহেরচণ্ডী এলাকার পিন্টু। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে একডালায় রাজশাহী থেকে নাটোরগামী হুমায়রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। পরে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে যায়।নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নাটোর থানায় একটি মামলা হয়েছে।