নাটোরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত ৫০, শতাধিক বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আজ বুধবার নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অর্ধশতাধিক আহত হয়েছেন।পরে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক বাস ভাঙচুর করেন এবং স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ ও বাজারের আটটি দোকানে ভাঙচুর চালান।পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বগুড়া থেকে রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে বগুড়া মহিলা দলের নেতা-কর্মীদের বহনকারী একটি বাসে সিংড়া বাসস্ট্যান্ডে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বগুড়া মহিলা দলের সভানেত্রী লাভলি রহমানসহ অন্তত ১০ নারী কর্মী আহত হন। হামলাকারী ছাত্রলীগের কর্মীরা বাসের ব্যানার খুলে নেন এবং জানালার কাচ ভাঙচুর করেন।এই খবর শুনে বগুড়া থাকা আসা বিএনপির নেতা-কর্মীদের বহনকারী শতাধিক বাস মহাসড়কে আটকা পড়ে। ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়কে আটকে পড়া অন্তত ৬০টি বাসে ভাঙচুর চালান।সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থলে বিএনপির কর্মীদের হামলায় শিকার হন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিনের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা করেন।বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা সিংড়ার বালুয়াবাসুয়া এলাকায় স্থানীয় সাংবাদিক সাইফুলের বাড়িতে অগ্নিসংযোগ এবং স্থানীয় বাজারের আটটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। বিএনপি-আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও বাস ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন নেতা-কর্মী আহত হন। প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর বিএনপির কর্মীরা বেলা দুইটার দিকে অবরোধ উঠিয়ে বগুড়ায় ফিরে যান।এদিকে রাজশাহীর মহাসমাবেশে যাওয়াকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার বড়বড়িয়া গ্রামে আওয়ামী লীগের সমর্থকেরা রেজাউল করিম নামের এক ছাত্রদলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আওয়ামী লীগের সমর্থকেরা সদর উপজেলার তেবাড়িয়ায় ও বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামে পাঁচটি তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বেলা ১১টার দিকে সদর উপজেলার ছাতনী গ্রামে বিএনপির সমর্থকদের বহনকারী তিনটি বাসে আওয়ামী লীগের সমর্থকেরা ভাঙচুর চালায়।নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন।সিংড়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ জুনায়েদ আহমেদ ওই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতা-কর্মীরা পরিস্থিতি উত্তপ্ত করার জন্য নাটক সাজিয়েছেন।সহকারী পুলিশ সুপার (সদর) আপেল মাহমুদ প্রথম আলোকে বলেন, সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষ থামাতে গিয়ে সিংড়ার ওসি আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।